উপকূলে ঝোড়ো হাওয়া, ৩ নম্বর সতর্ক সংকেত
বরগুনাসহ বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে আজ বুধবার সকাল থেকে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর, কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।গতকাল মঙ্গলবার বিকেল থেকে বরগুনাসহ উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি শুরু হয়। আজ সকাল থেকে শুরু হয় টানা বৃষ্টিপাত। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ও কলাপাড়ার মহিপুর মত্স্য ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল হক গাজী আজ সকালে প্রথম আলোকে জানান, সাগর উত্তাল থাকায় শত শত মাছ ধরার ট্রলার ও নৌকা মহিপুর, পাথরঘাটা, বরগুনা, তালতলীসহ বিভিন্ন এলাকায় নিরাপদে আশ্রয় নিয়েছে।জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ তিন নম্বর সতর্ক সংকেত জারির বিষয়টি নিশ্চিত করেছেন।