উপকূলে তিন নম্বর সতর্কসংকেত
বরগুনাসহ দেশের দক্ষিণ উপকূলে প্রবল বর্ষণ ও ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ আজ মঙ্গলবার সকালে প্রথম আলো ডটকমকে জানান, ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তদসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। জেলার নদ-নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট জলস্ফীতি হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।