উপকূলে ভেসে আসছে মৃত জেলিফিশ
কক্সবাজারের টেকনাফে সাগর উপকূলের বিভিন্ন স্থানে প্রতিদিন ভেসে আসছে মৃত জেলিফিশ। সাগরে দেশি-বিদেশি মাছ ধরার ট্রলারে জেলিফিশ আটকা পড়লে জেলেরা তা পিটিয়ে মারেন। পরে এগুলো পানিতে ভেসে উপকূলে চলে আসে।মৃত জেলিফিশ পচে সৈকতের আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো পুঁতে ফেলার কোনো ব্যবস্থা না থাকায় সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, গত এক সপ্তাহে টেকনাফের সমুদ্রসৈকতের মহেশখালিয়াপাড়া, মিঠাপানির ছড়া, রাজারছড়া, বড় ডেইল, শীলখালী ও সেন্ট মার্টিন দ্বীপ এলাকার বিভিন্ন স্থানে তিন শতাধিক জেলিফিশ ভেসে উঠেছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মত্স্য জোন হিসেবে পরিচিত এ উপকূলের ৫৮ কিলোমিটার এলাকায় পাঁচ হাজারের বেশি ট্রলার ও ছোট-বড় নৌকায় কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা হয়। অধিকাংশ জেলিফিশ জেলেদের মাছ ধরার জালে আটকে ও ট্রলারের আঘাতে মারা পড়ে।স্থানীয় জেলে আবদুর রহিম ও আশেক উল্লাহর ভাষ্য, জেলিফিশ জালে আটকা পড়লে জাল ছিঁড়ে ফেলে। তাই সেগুলো মেরে ফেলা হয়। এগুলোর স্পর্শে গায়ে চুলকানি হয়। আটকা পড়া জেলিফিশের ওজন ১৫ থেকে ৩০ কেজি পর্যন্ত হয়।উপজেলা ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ বলেন, সারা দেশে ১৮৬টি ট্রলিং ট্রলার রয়েছে। ট্রলিং জালে আটকা পড়লে জেলিফিশসহ অন্যান্য জলজ প্রাণী মারা যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ইসিএ কমিটির সভাপতি মো. শামসুল ইসলাম জানান, উপকূলীয় এলাকায় মৃত জেলিফিশ ভেসে আসার খবর তাঁরা পেয়েছেন। বিভিন্ন ধরনের জালে আটকা পড়লে এগুলো যাতে মারা না হয়, এ ব্যাপারে জেলেদের উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, সামুদ্রিক ট্রলারের বড় বড় ট্রলিং জালে আটকা পড়া জেলিফিশ দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। এর পর এগুলো মারা যায়। তবে জেলিফিশের ডিম ও পোনা অন্যান্য প্রজাতির মাছের খাদ্য হিসেবে ব্যবহূত হয়। তাই এরা মাছের বংশ বিস্তারে সহায়তা করে।