উপকূলে লোনাপানির মাত্রা পাঁচ গুণ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলের দিকে ক্রমাগত ধেয়ে আসছে লোনাপানি। গত নয় বছরে পানি লোনা হওয়ার তীব্রতা ও এলাকা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালে আইলার আঘাত পানিতে লোনার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। চলতি বছর লোনার মাত্রা সর্বকালের রেকর্ড ১০০০ পিপিটি অতিক্রম করেছে। সরকারি সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) হিসাবে আইলার পর সাতক্ষীরা ও খুলনা জেলার পানিতে লবণাক্ততার পরিমাণ স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেড়েছে। আরেক সরকারি সংস্থা মৃত্তিকা সম্পদ উন্নয়ন সংস্থার (এসআরডিআই) সর্বশেষ লবণাক্ত এলাকাসংক্রান্ত জরিপে দেখা গেছে, গত নয় বছরে লবণাক্ত এলাকার পরিমাণ ৩৫ হাজার ৫১০ হেক্টর বেড়েছে। পানির লোনার মাত্রা ও এলাকা বাড়ার ফলে উপকূলের প্রতিবেশব্যবস্থা আরও বিপন্ন হয়ে উঠবে বলে মনে করছেন পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত। তিনি এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, পানিতে লোনার পরিমাণ বাড়লে পানির পলি পরিবহন ক্ষমতা কমে যায়। ফলে সমুদ্র থেকে বয়ে আসা পলি নদীর স্রোতের সঙ্গে ভেসে যেতে পারে না। নদীর বুকে জমা হয়ে তা ভরাট করে ফেলে। লবণাক্ততা জরিপে আরও দেখা যায়, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় পানিতে লবণাক্ততা বৃদ্ধির পরিমাণ ১৪ হাজার ৭৫০ হেক্টর বেড়েছে। এই সময়ের মধ্যে মোট লোনা এলাকার পরিমাণ ১০ লাখ ২০ হাজার ৭৫০ হেক্টর থেকে বেড়ে ১০ লাখ ৫৬ হাজার ২৬০ হেক্টর হয়েছে। ডিপিএইচই ২০০৯ সালে ৪ জুলাই পাইকগাছার একটি পুকুরের পানি পরীক্ষা করে ৯৬২০ এবং বর্ষা শেষে সেপ্টেম্বরে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বেশ কটি পুকুরের পানি পরীক্ষা করে সেখানকার পানিতে ৫২৫৪ পিপিটি লবণাক্ততা পাওয়া গেছে। ১৮ নভেম্বর খোলপেটুয়া নদীর পানি পরীক্ষা করে ৪২২২ পিপিটি লবণাক্ততা পাওয়া যাওয়ায় এই এলাকার পানি মানুষের খাওয়ার উপযোগী নয় বলে ডিপিএইচই থেকে ঘোষণা দেওয়া হয়। ডিপিএইচই সূত্রে জানা গেছে, আইলার আগে খুলনার দাকোপে এক হাজার ৩২০টি, কয়রায় এক হাজার ৪২৪, সাতক্ষীরা জেলার শ্যামনগরে এক হাজার ৭৩১ ও আশাশুনিতে দুই হাজার ৮৭৯টি মিঠাপানির উৎস (পুকুর, নলকূপ) ছিল। আইলা আঘাত হানার পর এর প্রায় সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়।দক্ষিণ-পশ্চিমাঞ্চল উপকূল বাংলাদেশের সবচেয়ে লবণাক্ত এলাকা। দেশের অন্যত্র যেখানে লবণাক্ততার পরিমাণ গড়ে ২০০ পিপিটি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এর পরিমাণ ১০০০ পিপিটি। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালে আইলা আঘাত হানার পর এই এলাকায় লবণাক্ততার পরিমাণ কয়েক গুণ বেড়েছে বলে বিভিন্ন সরকারি-বেসরকারি সমীক্ষায় প্রমাণ পাওয়া গেছে। ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই এলাকার পানিতে লবণাক্ততার পরিমাণ সবচেয়ে বেশি থাকে।বাংলাদেশ সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) গবেষণাপ্রধান আহমাদুল হাসান প্রথম আলোকে বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল মূলত আমননির্ভর। লবণাক্ততা বাড়লে আমন ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। মিঠাপানিনির্ভর মাছের ওপর এই এলাকার অনেক মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল—এ কথা উল্লেখ করে তিনি বলেন, লোনাপানির কারণে মিঠাপানিনির্ভর গাছ ও প্রাণী বিলুপ্ত হবে। লোনাপানির বিপদ থেকে রক্ষা পেতে পরামর্শ হিসেবে আহমাদুল হাসান বলেন, লোনার পরিমাণ বেশি বাড়লে ভূগর্ভস্থ মিঠাপানিও লোনা হয়ে যেতে পারে। সেটা আরও বড় ধরনের বিপর্যয় তৈরি করবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের উচিত খুব দ্রুত উপকূলীয় এলাকায় ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে দিয়ে বৃষ্টির পানি ধরে ব্যবহারের উদ্যোগ বাড়ানো।