উপকূলে ৪৯০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে
অস্বাভাবিক জোয়ার ও অতিবর্ষণে প্রায় ৪৯০ কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী জেলা। প্রাথমিক হিসাবে মারা গেছেন ১২ জন। ৪৭ হাজার ৫০০ ঘরবাড়ি পূর্ণাঙ্গ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রলারডুবির কারণে কতজন নিখোঁজ রয়েছেন, তার কোনো পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি। সরকারের বিভিন্ন সংস্থার ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এ তথ্য জানিয়েছে।ক্ষতিগ্রস্তদের জন্য উপকূলীয় জেলাগুলোতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে তিন হাজার ১৫০ মেট্রিক টন চাল ও নগদ সাহায্য হিসেবে ৩৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরে এক সমন্বয় সভায় এ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মোখলেছুর রহমান সভায় সভাপতিত্ব করেন।দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর প্রাথমিক হিসাবে জলোচ্ছ্বাস ও অতিবর্ষণের ফলে উপকূলীয় এলাকায় ১২ জন মারা গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রাথমিক হিসাবে প্রায় ৭৫ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও ৪১৫ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আড়াই হাজার বাড়িঘর সম্পূর্ণ ও ৪৫ হাজার বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ৩৬টি রেগুলেটরও ধ্বংস হয়ে গেছে। উপকূলীয় জেলার পাঁচ হাজার ৪০০ কিমি বেড়িবাঁধের অর্ধেকেরও বেশি সিডর ও আইলার আঘাতে ক্ষতিগ্রস্ত ও দুর্বল অবস্থায় ছিল। অস্বাভাবিক জোয়ারের কারণে তা আরও বেশি পরিমাণে ক্ষতির মুখে পড়ল।পটুয়াখালী জেলার ২০ কিমি বাঁধ পূর্ণাঙ্গ ও ৭০ কিমি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ভোলায় ৩৮, নোয়াখালীর হাতিয়ায় ১৭, বরগুনায় ১৭ কিমি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়ায় বাঁধের ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বেড়িবাঁধ ভেঙে এসব এলাকায় খাল সৃষ্টি হয়েছে।পাউবোর মহাপরিচালক হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, দু-এক দিনের মধ্যে জোয়ারের প্রভাব কমে এলে বাঁধগুলো মেরামত শুরু হবে। এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়ার কাজ চলছে।সভায় জানানো হয়, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জেলা প্রশাসকদের কাছে মজুদ থাকা ত্রাণসামগ্রী দিয়ে ইতিমধ্যেই ত্রাণকাজ শুরু করা হয়েছে। সভায় ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ সংগ্রহ করে গৃহনির্মাণের জন্য অর্থ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর চাহিদা পাঠাতে জেলা প্রশাসকদের অনুরোধ জানানো হয়। এ ছাড়া ভেঙে যাওয়া বাঁধগুলো অতি দ্রুত মেরামত করতে পাউবোর প্রতি অনুরোধ জানানো হয়। খাওয়ার পানির সরবরাহ নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত টিউবওয়েল দ্রুত মেরামতের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকেও অনুরোধ জানানো হয়।সভায় জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ার এবং অতিবর্ষণে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে উপকূলীয় নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় উঠতি ফসল, মৎস্যসম্পদ ও প্রাণিসম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি জেলায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।সভায় জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, প্রতিটি জেলায় ক্ষতিগ্রস্ত টিউবওয়েল মেরামতের জন্য পর্যাপ্ত উপকরণ রয়েছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের মজুদও পর্যাপ্ত রয়েছে। আরও উপকরণ পাঠানোর জন্য দুটি গাড়ি প্রস্তুত করা হয়েছে। এ মৌসুমে বৃষ্টিপাত ও পানির প্রবাহ সমুদ্রমুখে থাকায় নদীর পানির লবণাক্ততা কম। ফলে পানীয় জলের কোনো সমস্যা হবে না। সভায় ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকিরসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।