কাল শুক্রবার ছুটির দিনের সকালে বইমেলা ছিল কাঁচা সোনারোদ মাখা, বাংলা একাডেমীর মঞ্চে অনুষ্ঠিত হচ্ছিল শিশুদের সংগীত প্রতিযোগিতা, আর মেলা চত্বরে বাবার হাতের মুঠো থেকে তর্জনী ছাড়িয়ে নিয়ে স্টল থেকে স্টলে ছুটে যাচ্ছিল খুদে পাঠকেরা।দুপুরেও মেলা ছিল খোলা, ভিড়টা ছিল সহনীয়, তাতেই তিন প্রজন্মের সদস্যদের নিয়ে পুরো পরিবার ঘুরছে মেলায়, এমনও দেখা গেল।পরিবারটি আসলে থাকে টরন্টোয়, ফেব্রুয়ারিতে দেশে এসেছে, বইমেলায় আসবে না? আবার চট্টগ্রাম থেকে সকালে উঠেছে বাসে, ঢাকায় বাস থেকে নেমেই সরাসরি বইমেলায়, জানালেন একজন। কুষ্টিয়া থেকে এসেছেন রাধারানী। প্রৌঢ়া এই ভদ্রমহিলা জানালেন, প্রতিবছর তিনি একবারই আসেন ঢাকায়, শুধু বইমেলায় আসবেন বলে। দুপুরেই কাল শুরু হলো বাংলাভিশনের সরাসরি সম্প্রচার, মেলা থেকে। বেলা পড়ে আসতে লাগল, বর্ধমান হাউসের ছায়া বড় হয়ে এল মেলা চত্বরে, আর ভিড়টা বেড়ে যেতে লাগল ভীষণ। আগের রাতে নাকি বৃষ্টি হয়েছিল, সকালটা ধূলিমুক্ত ছিল, বিকেলে মেলায় প্রবেশের লাইন গিয়ে পৌঁছাল টিএসসি পেরিয়ে চারুকলা পর্যন্ত, আর পাঠকের পদধূলিতে মধ্যচল্লিশ লেখকের কাঁচাপাকা বাবুর মতো মাথার পুরোটাই হয়ে উঠল সাদা। আবুল হাসানের কবিতা মনে করতে না চাইলেও মনের মধ্যে উঠল গুনগুনিয়ে—চারিদিকে শুধু ধুলোর কাহিনি ওড়ে, ধুলোর কাহিনি ওড়ে। ধুলোর কাহিনি নয়, বইয়ের কাহিনি ছড়িয়ে দিতে চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার শুরু করলেন লুৎফর রহমান রিটন। গতকাল সবচেয়ে বেশিসংখ্যক নতুন বই এসেছে মেলায়, ২৩৯টি, বাংলা একাডেমীর সরবরাহ করা নতুন বইয়ের তালিকা তা-ই বলছে। হুমায়ূন আহমেদের বাদশাহ নামদার, মুহম্মদ জাফর ইকবালের শুকনো ফুল রঙিন ফুল, আহসান হাবীবের স্বপ্নবালক, মারুফ শমসের যাকারিয়ার নিগড়, আবদুল মান্নান সৈয়দের শুদ্ধতম কবি, রহিমা আখতার কল্পনার কাব্যগ্রন্থ কালোদিন সাদারাত, মহাদেব সাহার গোলাপ ফোটার গন্ধে, সেলিনা তাসনিম ছন্দার ফেসবুকে দেখি পূর্ণিমা, রফিকুর রশীদের মুক্তিযুদ্ধের গল্প, মারুফ রায়হানের ধুলোয় লুটোনো দিন, টোকন ঠাকুরের রাক্ষস এট জিমেইল ডটকম, জিল্লুর রহমান সিদ্দিকীর বাংলা প্রবন্ধ পরিচয়, বোরহান উদ্দিন খান জাহাঙ্গীরের আমরা বিদ্রোহ করেছি, শামসুজ্জামান খানের দুনিয়া মাতানো বিশ্বকাপ, মশিউল আলমের বারে বারে ফিরে আসি, আবু সাঈদ খানের প্রশ্নবিদ্ধ রাজনীতি ও সমকালীন সমাজ, আন্দালিব রাশদীর কৃষ্ণকলি, চঞ্চল আশরাফের যে মৎস্যনারী, জাহীদ রেজা নূরের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু, সরদার ফজলুল করিমের শ্রেষ্ঠ প্রবন্ধ, হাসান আজিজুল হকের প্রবন্ধসংগ্রহ ১, সিরাজুল ইসলাম চৌধুরীর দীক্ষার খবরাখবর, কবীর চৌধুরী অনূদিত ভ্যালেরি মার্টিনের মৃত্যু পার্টিতে যোগ দেওয়া ও অন্যান্য গল্প। ২৩৯টি বইয়ের ভিড়ে ক্রম ঠিক রেখে নাম দিতে পারছি না। প্রথম যে বইটির নাম নিয়েছি হুমায়ূন আহমেদের বাদশাহ নামদার, এটি ইতিহাসভিত্তিক উপন্যাস। আর দেখছি প্রবীণতম লেখক কবীর চৌধুরীর নাম নিয়েছি সবার শেষে। বাংলা একাডেমীর তালিকা থেকে বাছাই করতে গিয়ে কোনো নিয়ম মানা গেল না। কালকের তারিখটাও ছিল ডিজিটাল, ১১/০২/২০১১। বইমেলার ভেতরে মিডিয়া সেন্টারে বসে এই প্রতিবেদনটা রচনা করেছি, ই-মেইলে প্রথম আলোর বার্তাকক্ষ হয়ে এটা এখন আপনার সামনে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে আমরা কিন্তু ঠিকই এগোচ্ছি। আজ মাঘের শেষ দিন। আগামীকাল বসন্ত। প্রতিবছর বাংলা একাডেমীর আমগাছ থেকে পাই আম্রমুকুলের সৌরভ, আর কোকিলের কুহুতান। এবার এখনো পাইনি। দেখা যাক, বসন্ত তো এখনো আসেনি।মেলামঞ্চের অনুষ্ঠানগতকাল সকাল নয়টায় গ্রন্থমেলার মঞ্চে ছিল শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা। বিকেলের নিয়মিত আলোচনায় ‘দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল। আলোচনায় অংশ নেন কবি নাসির আহমেদ, গবেষক অনু হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক তারেক রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’, নৃত্য সংগঠন ‘ভোরের পাখি’ এবং আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ‘আদিকণ্ঠ’।