উপজাত ছাই, অযাচিত সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি কয়লার উপজাত ছাই চার বছরেও অপসারণ না করায় কেন্দ্রটি বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দরপত্র ডেকে বিক্রির মাধ্যমে এই ছাই অপসারণ করার কথা। কিন্তু গত চার বছরেও তা না করায় ছাই রাখার পুকুর ভরে গেছে।সরকারি সূত্রগুলো জানায়, ২৫০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি চালু থাকলে প্রতিদিন প্রায় দুই হাজার ৪০০ টন কয়লা জ্বালাতে হয়। এতে ছাই হয় প্রতিদিন ৩০০ মেট্রিক টন। একাধিক পুকুরে জমা করে রাখা এ ছাই দরপত্রের মাধ্যমে বিক্রি করার কথা। কিন্তু দরপত্র জটিলতার কারণে গত চার বছর তা করা যায়নি। বরং ছাই বিক্রির বিষয়টি এখন উচ্চ আদালতের বিচার্য বিষয় হয়ে আছে। ফলে কবে ছাই বিক্রি করা যাবে তা-ও অনিশ্চিত।এই পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রটির উদ্বিগ্ন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত ১৪ জুন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়। কিন্তু গত সাড়ে পাঁচ মাসেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।ওই চিঠিতে বলা হয়েছে, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি ২০০৬ সালের জুন থেকে ২০১০ সালের মে পর্যন্ত গত চার বছরে ৫০৪ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ২৮৪ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। এর জন্য ২০ লাখ ৮৪ হাজার ৯০৫ টন কয়লা জ্বালানি হিসেবে ব্যবহূত হয়েছে। চার বছরে আনুমানিক দুই লাখ ৬০ হাজার ৬১৩ টন আর্দ্র ছাই পুকুরে জমা হয়েছে। ইতিমধ্যে এ পুকুরের চার ভাগের তিন ভাগের বেশি ছাইয়ে ভরাট হয়ে গেছে। ফলে পুকুরের পানিও শুকিয়ে গেছে। এ অবস্থা অব্যাহত থাকলে পানিমিশ্রিত ছাই আর ফেলা সম্ভব হবে না। একপর্যায়ে গুরুত্বপূর্ণ এ বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির প্রথম আলোকে বলেন, বিষয়টি দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।ছাই বিক্রির জন্য প্রথম দরপত্র আহ্বান করা হয় ২০০৬ সালের ৭ জানুয়ারি। তখন ভ্যাট ও আয়কর ছাড়া ৩৮০ টাকা টন হিসাবে সর্বোচ্চ দরদাতা হয় মেসার্স অলিম্পিক সিমেন্ট লিমিটেড। দরপত্রে তারা প্রতিদিন ৩০০ টন করে ধরে ৩০ বছরের ছাইয়ের দাম ৮৭ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকার কথা উল্লেখ করে। কিন্তু একসঙ্গে ৩০ বছরের হিসাব উল্লেখ থাকায় দরপত্রটি বাতিল করা হয়। কারণ, দরপত্রের শর্ত অনুযায়ী পাঁচ বছর পরপর মূল্য পুনর্নির্ধারণ করার কথা।এরপর পিডিবি পুনঃ দরপত্র আহ্বান করে। ২০০৭ সালের ৩ মার্চ সেটি খোলা হয়। এতে সর্বোচ্চ দরদাতা ফ্রেন্ডশিপ বিজনেস করপোরেশন প্রতি টন ছাইয়ের দাম ৮২৩ টাকা উল্লেখ করে। এতে ভ্যাট ও আয়করসহ ছাইয়ের টনপ্রতি মূল্য দাঁড়ায় ৮৭৬ টাকা। পাঁচ বছর পর পর দাম পাঁচ শতাংশ করে বাড়ানোর কথাও দরপত্রে ছিল।দরপত্র মূল্যায়ন কমিটি ওই বছরের ১৫ এপ্রিল ছাই বিক্রির কার্যাদেশ সর্বোচ্চ দরদাতাকে দেওয়ার সুপারিশ করে পিডিবির কাছে চিঠি পাঠায়। বিষয়টি অনুমোদনের এখতিয়ার থাকা সত্ত্বেও পিডিবি এ ব্যাপারে মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে পাঠায়। এরপরই আটকে যায় ফাইল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারীর কাছে পুরো ঘটনা জানিয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এরপর পিডিবি দরপত্রের শর্ত লঙ্ঘন করে ২০০৮ সালের ১০ অক্টোবর প্রতিবছর দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেন। একই সঙ্গে ৩০ বছরের চুক্তির বদলে পাঁচ বছর পর পর নতুন চুক্তির শর্ত জুড়ে দেন। পিডিবির এই নির্দেশনার বিরুদ্ধে কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানটি উচ্চ আদালতে রিট করেন। আদালত এ ঘটনায় মন্ত্রণালয় ও পিডিবিকে কারণ দর্শাতে বলে। এর পর থেকে বিষয়টি আদালতেই আছে।সর্বশেষ দরপত্র অনুসারে প্রতি টন ছাই বিক্রি করে সরকার পেত ৮৭৬ টাকা। এই হিসাবে প্রতিদিন ছাই বিক্রি করে সরকারের আয় হতো দুই লাখ ৪৬ হাজার ৯০০ টাকা। এর সঙ্গে ভ্যাট ও কর হিসেবে প্রতিদিন আরও ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হতো। জুন মাস পর্যন্ত করা হিসাবে গত ৪ বছরে ছাই বিক্রি করেই সরকারের ৪০ কোটি টাকার বেশি আয় হতো। কিন্তু তা না করায় ছাই সরানোর জন্য সরকারকে প্রতিদিন গড়ে এক লাখ টাকা খরচ করতে হচ্ছে। এ ছাড়া গভীর নলকূপসহ একটি প্ল্যান্ট স্থাপন ও ছাই অপসারণ বাবদ সরকারের ৪০ কোটি টাকার বেশি খরচ হয়েছে। ফলে সব মিলে গত জুন মাস পর্যন্ত সরকারের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি টাকা।বিদ্যুৎকেন্দ্রটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হালদার প্রথম আলোকে জানান, আগামী ছয় মাসের মধ্যে ছাই অপসারণ করা সম্ভব না হলে যেকোনো দিন বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যেতে পারে। এ ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রণালয় ও পিডিবিকে চিঠি দিয়ে ও মৌখিকভাবে জানানো হয়েছে। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) প্রথম আলোর ফুলবাড়ী প্রতিনিধি সাদেক হোসেন সরেজমিন ঘুরে জানান, ছাই রাখার পুকুরগুলো ভরাট হয়ে গেছে। এখন ছাই দিয়ে কেন্দ্রের পাশে একটি জায়গা ভরাট করা হচ্ছে। সেখানে কয়লা রাখার জায়গা (কোল ইয়ার্ড) বানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ছাই কেনার কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানের প্রধান আখতার হোসেন প্রথম আলোকে জানান, সর্বোচ্চ দরদাতা হয়ে চার বছরেও তিনি কাজটি করতে পারছেন না। কিন্তু এ কাজের জন্য ইতিমধ্যে তিনি অনেক বিনিয়োগও করেছেন। মামলা প্রসঙ্গে তিনি বলেন, পিডিবি দরপত্রের শর্তানুসারে কার্যাদেশ দিলে মামলা নিয়ে কোনো সমস্যা হবে না।কয়লার এ ছাই সিমেন্ট কারখানার গুরুত্বপূর্ণ কাঁচামাল হওয়ায় দেশে এর চাহিদা রয়েছে। ভারত থেকে দেশের সিমেন্ট কারখানাগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ ছাই আমদানি করা হচ্ছে।