উপজাতি নয় আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং দেশের অর্ধশতাধিক আদিবাসী জাতির তালিকা সংবিধানে সংযুক্ত করার দাবি জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি দেশের আদিবাসী জনগোষ্ঠীকে ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়’ হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ অনুসারে বাংলাদেশে আদিবাসী রয়েছে। তাই উপজাতি কিংবা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, আদিবাসী হিসেবেই তাদের স্বীকৃতি দিতে হবে।সন্তু লারমা বলেন, ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার সময় বাংলার প্রতিবেশী ছিল কোচ, অহোম, গারো, খাসিয়া, ত্রিপুরা, চাকমা ও আরাকান রাজ্য। পরে এসব রাজ্য ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়। তাই সরকারের তরফ থেকে দেশে আদিবাসী নেই বলে যে যুক্তি দেওয়া হচ্ছে, তা ঠিক নয়।প্রসঙ্গত, আইনমন্ত্রী শফিক আহমেদ সম্প্রতি বলেছেন, আইএলও সনদ অনুসারে বাংলাদেশে উপজাতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আছে, আদিবাসী নেই।এ বিষয়ে জানতে চাইলে চাকমা রাজা দেবাশীষ রায় গতকাল প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার আদিবাসী শব্দটি ২০১০ সালের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনে উল্লেখ করেছে। অথচ সংবিধানে উল্লেখ করতে চাচ্ছে না।দেবাশীষ রায় বলেন, দুটি কারণে এটা হতে পারে। প্রথমত, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিলে আন্তর্জাতিক আইন অনুসারে এ জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রের দায়দায়িত্ব অনেক বেড়ে যায়, যা সরকার বোঝা মনে করে। দ্বিতীয়ত, সাংবিধানিক স্বীকৃতির সঙ্গে আদিবাসীদের ভূমির অধিকারসহ অন্যান্য সুযোগ-সুবিধাও দিতে হবে, যা হয়তো সরকার চায় না।সংবাদ সম্মেলনে সন্তু লারমা বলেন, সংশোধিত সংবিধানে ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’ এ বাক্যটি পরিবর্তন করতে হবে। কারণ, আদিবাসীরা নাগরিক হিসেবে বাংলাদেশি, কিন্তু জাতি হিসেবে বাঙালি নয়। চাকমা অথবা মারমা একেকটি স্বতন্ত্র জাতি। একজন চাকমা কখনোই নিজেকে বাঙালি বলে পরিচয় দেবে না, কিন্তু তারা বাংলাদেশেরই নাগরিক।সংবিধান সংশোধন প্রস্তাবে অসংগতি ও পরস্পর বিরোধিতা রয়েছে বলে উল্লেখ করে জেএসএস সভাপতি বলেন, ১২ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেবে না, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হচ্ছে।সাংবাদিক-কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, প্রস্তাবিত সংশোধিত সংবিধান একটি অসংলগ্ন ও অর্থহীন রাষ্ট্রীয় দলিল। এ সংবিধানের মাধ্যমে ধর্মনিরপেক্ষ নয়, সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার আয়োজন শুরু হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।