প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাল থেকে কর্মশালা
উপজেলা আইনের পরিবর্তন চাইবেন চেয়ারম্যানরা
‘উপজেলা পরিষদে দ্বৈত ব্যবস্থা চলছে। কিছু দায়িত্ব চেয়ারম্যান এবং কিছু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হাতে। আমাদের দাবি, উপজেলার সব প্রশাসনিক ও সেবা খাত উপজেলা পরিষদের আওতায় থাকতে হবে। প্রধানমন্ত্রীর কাছে এটাই হবে আমাদের মূল দাবি।’উপজেলা চেয়ারম্যানদের দুটি সংগঠনের মধ্যে একটি ‘বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক হারুন অর রশীদ হাওলাদার প্রথম আলোকে এ কথা বলেন। চেয়ারম্যানদের অপর সংগঠন ‘উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ’-এর কো-আহ্বায়ক মুহিবুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যকর করতে প্রধানমন্ত্রীর কাছে ১০ দফা দাবি পেশ করা হবে। সাংসদদের উপজেলা পরিষদের উপদেষ্টা রাখার বিধান বাতিলের দাবি জানানো হবে।কাল সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘জনগণের দোরগোড়ায় সেবা: তৃণমূলে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে রূপকল্প-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানদের কর্মশালা হবে। এ কর্মশালায় দেশের ৪৮১ জন উপজেলা চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এবং সব সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। উপজেলা চেয়ারম্যানদের দুটি সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে তাঁদের দাবিগুলো উপস্থাপন করবেন। উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ ১০ দফা দাবি আদায়ে কয়েক মাস ধরে আন্দোলন করছে। ১৫ এপ্রিল এ সংগঠনের সারা দেশে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুই ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি রয়েছে। কর্মশালায় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি দাবি জানানো হবে বলে সংগঠনটি গতকাল ওই কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। এ প্রসঙ্গে সংগঠনের কো-আহ্বায়ক মুহিবুর রহমান বলেন, আগের কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি ১০ দফা দাবি পেশ করা হবে। কতটুকু দাবি আদায় হয়, তার ওপর নির্ভর করছে আগামী দিনের কর্মসূচি। দাবি পূরণে সন্তোষজনক সাড়া না পেলে ১৭ এপ্রিলের পর নতুন কর্মসূচি দেওয়া হবে।চেয়ারম্যানদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ২০০৯ সালের জানুয়ারি মাসে উপজেলা পরিষদের নির্বাচন হলেও এখন পর্যন্ত পরিষদ পুরোপুরি কার্যকর হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত উপজেলা পরিষদ-সংক্রান্ত দুটি পরিপত্র জারি হলেও সেগুলো ত্রুটিপূর্ণ বলে চেয়ারম্যানরা দাবি করছেন। সর্বশেষ গত ২৩ মার্চ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে দায়িত্ব বণ্টন এবং বেতন-ভাতা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় নতুন বিধিমালা জারি করেছে। চেয়ারম্যানরা যেসব দাবি জানাতে চান: উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের নেতা মুহিবুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কাছে তাঁরা ১০ দফা দাবি পেশ করবেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: উপজেলা পরিষদের বিদ্যমান আইনের সংশোধনী এনে পরিষদকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যকর করা; সাংসদদের উপজেলা পরিষদের উপদেষ্টা থেকে বাদ দেওয়া; পরিষদের নির্বাহী ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করা; চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া; বিদ্যমান আইনানুযায়ী যেসব বিধিমালা জারি করা হয়েছে, তা বাতিল করা; ইউএনও শুধু পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন, কোনো কমিটির সভাপতি থাকতে পারবেন না; উপজেলা পরিষদের সব কর্মকর্তার বার্ষিক গোপন প্রতিবেদন (এসিআর) লেখার ক্ষমতা চেয়ারম্যানদের দিতে হবে।অপর সংগঠন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর কাছে দাবি পেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হারুন অর রশীদ হাওলাদার বলেন, কেন্দ্রের মতো মাঠপর্যায়েও গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা ছাড়া বিদ্যমান আইনের প্রতিবন্ধকতা এবং আমলাতান্ত্রিক জটিলতায় উপজেলা পরিষদ যে অকার্যকর রয়েছে, তা নিরসনে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হবে।চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব বণ্টন-সংক্রান্ত নতুন বিধিমালা সম্পর্কে হারুন অর রশীদের অভিমত হচ্ছে, ভাইস চেয়ারম্যানদের দায়িত্বের বিষয়টি সন্তোষজনক। কিন্তু চেয়ারম্যানকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথ হয়নি। তাঁর মতে, ইউএনও উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে না। কারণ, উপজেলার কোথায় কী অবস্থা, কোন অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন—এটা ইউএনও জানেন না, চেয়ারম্যান ভালো জানেন।