উপজেলা চালাতে সব ক্ষমতা চাইলেন চেয়ারম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ পরিচালনায় প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা চাইলেন উপজেলা চেয়ারম্যানরা। এ জন্য তাঁরা উপজেলা আইন ও বিধি সংশোধনের দাবি জানান। এ ছাড়া পরিষদের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বেতন-ভাতা প্রদান, বার্ষিক গোপন প্রতিবেদন (এসিআর) লেখা ও আইনশৃঙ্খলা কমিটির কর্তৃত্বও চান চেয়ারম্যানরা।জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলাবিষয়ক আইন ও বিধি পরীক্ষা-নিরীক্ষা করার প্রতিশ্রুতি দেন। বলেন, আপনারা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান হতে চান, তা দেওয়া হবে। কিন্তু কমিটির প্রধান হয়ে গুন্ডা-পান্ডা নিয়ে গাড়িতে করে ঘুরবেন, তা হবে না। এ রকম অভিযোগ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।প্রধানমন্ত্রী আইন ও বিধি মেনেই উপজেলা চেয়ারম্যানদের কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, কাউকে অবহেলা করলে চলবে না। সবাইকে নিয়েই কাজ করতে হবে। সুঁই-সুতা মিলেই সেলাই হয়। সুঁইয়ের কাজ সুঁই করবে, সুতার কাজ সুতা করবে। উপজেলার কর্মকর্তাদের এসিআর লেখার ক্ষমতা দেওয়ার দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী চেয়ারম্যানদের প্রতি পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘তোমাদের এসিআর কে লিখবে?’গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপজেলা চেয়ারম্যানদের জন্য ‘উপজেলা ব্যবস্থাপনা ও ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কর্মশালার মাধ্যমে প্রথমবারের মতো দেশের ৪৮১ জন উপজেলা চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে কাছে পান।কর্মশালায় উপজেলা চেয়ারম্যানদের দুটি সংগঠন থেকে তিনজন বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর কাছে তাঁরা নানা দাবি তুলে ধরেন।উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও পটুয়াখালীর দুমকি উপজেলার চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার সাত দফা দাবি পেশ করেন। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উপজেলায় দ্বৈত শাসন পরিহার করে একছাতাবিশিষ্ট প্রশাসন, উপজেলা পরিষদের আওতায় সব প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা, পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও এসিআর লেখার ক্ষমতা প্রদান, সাংসদদের উন্নয়ন কর্মকাণ্ড উপজেলা পরিষদের আওতায় হতে হবে, উপজেলার বিভিন্ন কমিটির কর্তৃত্ব চেয়ারম্যানের হাতে থাকতে হবে।হারুন অর রশীদ বলেন, হাওয়া ভবনের সুপারিশে চাকরি পাওয়া ইউএনওরা উপজেলা ব্যবস্থা ভণ্ডুল করতে চান। অনেক ইউএনও চেয়ারম্যানকে ভালোভাবে সম্বোধন পর্যন্ত করেন না। তিনি বলেন, কর্মকর্তারা কাজ করবেন উপজেলায়, আর জবাবদিহি করবেন জেলায় আর ঢাকায়, তা হতে পারে না। তিনি আইনশৃঙ্খলা, ভূমি, ওএমএস কমিটির কর্তৃত্ব চেয়ারম্যানদের হাতে দেওয়ার প্রস্তাব করেন।একই সংগঠনের সদস্যসচিব ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্র উপজেলায় কার্যকর করা যাচ্ছে না। চেয়ারম্যানদের কথা ইউএনও এবং অন্য কর্মকর্তারা শোনেন না। তিনি জানান, উপজেলার কর্মকর্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন নন বলে তাঁরা পরিপত্র মানতে চান না। কর্মকর্তাদের এসিআর লিখতে না পারলে তাঁরা চেয়ারম্যানদের কথা শুনবেন না। সাংসদেরা শুধু আইন প্রণয়ন করলেই ভোট পাবেন না, তাঁদের উন্নয়নমূলক কাজও করতে হবে। তাই সাংসদ ও চেয়ারম্যান অংশীদারির মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেবেন।উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বায়ক ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, ‘সাংসদেরা সংসদে কথা বলতে পারেন, ইউএনওরা ডিসি ও সচিবের কাছে সুখ-দুঃখের কথা বলতে পারেন, কিন্তু উপজেলা চেয়ারম্যানদের কথা বলার জায়গা নেই। উপজেলা পরিষদ এখন অকার্যকর। এমপি সাহেব পরামর্শ দেবেন, আমরা নেব। কিন্তু এমপি সাহেব উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ করবেন, তা হতে পারে না।’ তিনি বলেন, উপজেলার ভূমি কার্যালয়, রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য বিভাগে দুর্নীতি হয়। এসব বিভাগ চেয়ারম্যানের হাতে দিতে হবে। কর্মকর্তাদের এসিআর লেখার ক্ষমতা চেয়ারম্যানদের থাকতে হবে।প্রধানমন্ত্রীর আশ্বাস: প্রধানমন্ত্রী চেয়ারম্যানদের বলেন, প্রত্যেকে নিজ নিজ উপজেলার উন্নয়ন পরিকল্পনা দিন। বাজেটে টাকা দেওয়া হবে। এলাকায় নদী-নালা, খাল-বিলের নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নিন। প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।প্রধানমন্ত্রী বলেন, উপজেলা চেয়ারম্যানরা বেশি ভাগ্যবান। তাঁরা গাড়ি পাচ্ছেন, জ্বালানি পাচ্ছেন। এমপিরা কিছুই পাচ্ছেন না। অনেক এমপির শুল্কমুক্ত গাড়ি কেনারও ক্ষমতা নেই।বিদ্যুতের সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটি স্বল্প সময়ে সমাধান সম্ভব নয়। সময়ের প্রয়োজন। ইতিমধ্যেই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান, সাংসদ, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী কারোরই অসীম ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সংবিধান ও আইনের মধ্যে কাজ করতে হয়। তিনি উপজেলা চেয়ারম্যানদের বলেন, ‘সংসদকে অবজ্ঞা করবেন না। এই সংসদই আপনাদের জন্য আইন পাস করেছে। সংসদ থাকলে আপনারা থাকবেন। সংসদ না থাকলে জনগণের ক্ষমতা থাকবে না, আমরা থাকব না, আপনারা থাকবেন না।’ সৈয়দ আশরাফ বলেন, ‘অতীতে সামরিক স্বৈরশাসকেরা স্থানীয় সরকার নিয়ে অনেক খেলেছে। কেউ কেউ যখন শুধু স্থানীয় সরকার নিয়ে বেশি বেশি কথা বলেন, তখন মনে শঙ্কা জাগে। তত্ত্বাবধায়ক সরকারের নামে গত আধাসামরিক সরকার উপজেলা নির্বাচন দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল। কিন্তু আমরা সতর্ক ছিলাম বলে তা তারা করতে পারেনি।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ান, এ টু আইয়ের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মাহবুবুল হক। প্রধানমন্ত্রী রাজশাহীর পুঠিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মর্জিনা বেগমকে একটি ল্যাপটপ উপহার দেন।মিশ্র প্রতিক্রিয়া: সরকারের আশ্বাসে চেয়ারম্যানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হারুন অর রশীদ হাওলাদার প্রধানমন্ত্রীর ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন। তবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের কো-আহ্বায়ক মুহিবুর রহমান ঘোষণাকে অন্তসারশূন্য বলে মন্তব্য করেন। প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, দাবি আদায়ে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার চেয়ারম্যান কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা বাড়ি-গাড়ি চাই না। ক্ষমতা চাই।’