গোয়েন্দা পুলিশ (ডিবি) নাটোরে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার তিনজন আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে। আজ বুধবার দুপুরে বড়াইগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহামুদুল হাসান রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আসামিরা হলেন—আশরাফুল ইসলাম ওরফে মিঠু (৩৫), বাদশা (৩৪) ও লুৎফর রহমান (৩৫)।আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান আজ দুপুরে ওই তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, ঘটনার সময়ে ধারণকৃত ভিডিও চিত্রে এ আসামিদের ছবি পাওয়া গেছে। তাঁদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অন্য আসামিদের পরিচয় জানা যাবে। একই সঙ্গে ঘটনার রহস্য সম্পর্কেও জানা যাবে। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আবেদনের বিরোধিতা করেন। দীর্ঘ সময় শুনানি শেষে বিচারক মাহামুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।