উপজেলা চেয়ারম্যানদের অনশন ২৮ মার্চ পর্যন্ত স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের শীর্ষস্থানীয় দুই নেতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ আগামী ২৮ মার্চ পর্যন্ত তাঁদের অনশন কর্মসূচি ভঙ্গ করেছেন। এ সময়ের মধ্যে ওই দুই নেতা জনপ্রতিনিধিদের দাবি নিয়ে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চালাবেন।আজ বিকেলে মহাজোট সরকারের দুই সাংসদ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর অনুরোধে জনপ্রতিনিধিরা তাঁদের অনশন ভঙ্গ করেন।উপজেলায় সাংসদ ও নির্বাহী কর্মকর্তাদের কর্তৃত্ব কমিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা ফিরিয়ে দেওয়াসহ ১০ দফা দাবি আদায়ে গতকাল শনিবার থেকে রাজধানীর মুক্তাঙ্গনে লাগাতার অনশন কর্মসূচির আয়োজন করে ঐক্য পরিষদ।রাশেদ খান মেনন বলেন, ‘সরকার উপজেলার জন্য যে আইন করেছে, তা সংশোধনের কারণে বিকৃত রূপ পেয়েছে। এতে নির্বাচিত জনপ্রতিনিধিদের যে অবস্থান, তা অসম্মানজনক।’জনপ্রতিনিধিদের অনশন ভঙ্গ করার অনুরোধ জানিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘সরকারের শরিক হিসেবে আমরা বিষয়টি নিয়ে সংসদে এবং সংসদের বাইরে সরকারের সঙ্গে আলোচনা করতে চাই। এতে ইতিবাচক কোনো ফল আসতেও পারে।’অচিরেই আইন সংশোধন করে সাংসদ-ইউএনওদের সঙ্গে উপজেলার জনপ্রতিনিধিদের দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান হাসানুল হক ইন। তিনি বলেন, ইউএনওদের হাত থেকে জনপ্রতিনিধিদের মুক্ত করতে হবে। আইনে জনপ্রতিনিধিদের বরখাস্ত করার বিধান করে তাঁদের অসম্মান করা হয়েছে। সংসদের মতো এই ক্ষমতা আদালতের কাছে থাকা বাঞ্ছনীয়।এরপর ঐক্য পরিষদের সভাপতি আবদুল মজিদ অনশন ভঙ্গের ঘোষণা দেন। তিনি বলেন, ২৮ মার্চের মধ্যে দাবি না মানলে ঐক্য পরিষদ আরও কঠোর কর্মসূচি দেবে।অনশন কর্মসূচি ভঙ্গের আগে আজ বেশ কয়েকজন জনপ্রতিনিধি অসুস্থ হয়ে পড়লে সন্ধানীর স্বেচ্ছাসেবী চিকিত্সকেরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চেয়ারম্যানদের মধ্যে বরিশাল সদরের চেয়ারম্যান আজিজুল হক, শরণখোলার ভাইস চেয়ারম্যান সাগর আক্তার, ধুনটের ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার ও বালাগঞ্জের ভাইস চেয়ারম্যান হাবিবা খাতুনকে স্যালাইন দেওয়া হয়।