উপজেলা চেয়ারম্যানদের কর্তৃত্ব থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিষদে ন্যস্ত বা প্রেষণে নিযুক্ত কোনো কর্মকর্তা-কর্মচারীর নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান উপজেলা পরিষদ বা চেয়ারম্যানের হাতে থাকছে না। নিয়ন্ত্রণ থাকছে কেন্দ্রীয় সরকারের হাতে। ফলে যে দ্বন্দ্বের অবসানে চেয়ারম্যানরা আন্দোলন বা দেনদরবার করে আসছিলেন, তার অবসান হচ্ছে না।এ ছাড়া সরকার থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের নির্ধারিত সম্মানীর জন্য কেন্দ্রীয়ভাবে বরাদ্দ দেওয়া হবে না। পরিষদের নিজস্ব আয় থেকে সম্মানীর টাকা নিতে হবে। চেয়ারম্যানদের মাসিক ১০ হাজার এবং ভাইস-চেয়ারম্যানের সাড়ে সাত হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চেয়ারম্যানরা প্রথম শ্রেণীর কর্মকর্তার মতো ভ্রমণ-ভাতাসহ অন্যান্য ভাতা পাবেন।চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান (দায়িত্ব, কর্তব্য ও আর্থিক সুবিধা) বিধিমালায় এসব বলা হয়েছে। বিধিমালা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। গত মঙ্গলবার রাতে আইনমন্ত্রী শফিক আহমেদ এ বিধিমালায় আইনি মতামত দিয়েছেন। আজ অথবা আগামী রোববার গেজেট প্রকাশিত হবে।বিধিমালার ৩ ধারায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের ১২টি দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসব দায়িত্বের বাইরে সরকার সময়ে সময়ে যেসব দায়িত্ব দেবে, তা পালন করবেন তাঁরা।চেয়ারম্যানের উল্লেখযোগ্য কয়েকটি দায়িত্ব: দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা, পরিষদের সভায় সভাপতিত্ব করা, ন্যস্ত বা প্রেষণে নিযুক্ত ব্যতীত পরিষদের কর্মচারীদের তত্ত্বাবধান করা, তথ্যাদি সংরক্ষণ, পরিষদের পক্ষে কার‌্যাবলী-সংক্রান্ত প্রস্তাব ও প্রকল্প গ্রহণের পদক্ষেপ, ব্যবসা, বৃত্তি ও পেশার ওপর পরিষদের দেয় লাইসেন্স ও পারমিট ইস্যু, অপরাধ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পরিষদের পক্ষে মামলা দায়ের ও পরিচালনার ব্যবস্থা গ্রহণ, পরিষদের কাজের বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা ও তদারকি। ভাইস-চেয়ারম্যানের কিছু দায়িত্ব: পরিষদের একাধিক স্থায়ী কমিটির সভাপতি হওয়া, মাধ্যমিক, মাদ্রাসা, শিক্ষা উন্নয়নে জনগণকে উদ্বুদ্ধ করা, আন্তইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ, পরিবেশ উন্নয়নে বনায়ন, সন্ত্রাস-জঙ্গিবাদ, চুরি-ডাকাতি-চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার ইত্যাদি অপরাধের বিরুদ্ধে জনমত সৃষ্টিসহ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। দীর্ঘদিন ঝুলে থাকার পর গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি বিধিমালা চূড়ান্ত করে তা আইন মন্ত্রণালয়ে আইনি পরিভাষায় রূপান্তরের জন্য (ভেটিং) পাঠায়। স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইনানুযায়ী, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিষদের সাচিবিক দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তাঁর নিয়োগ-নিয়ন্ত্রণ, তত্ত্বাবধায়ন রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। একই সঙ্গে যেসব মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পরিষদে ন্যস্ত করা হয়েছে, তাদের কর্মকর্তা-কর্মচারীর নিয়ন্ত্রণ-তত্ত্বাবধানের ক্ষমতাও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতে রেখে পরিষদ থেকে মুক্ত রাখা হয়েছে। গত বছরের ৮ এপ্রিল পরিপত্র জারি ও গত ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে ১০টি মন্ত্রণালয়ের ১৩টি বিভাগ উপজেলা পরিষদে হস্তান্তর করা হলেও চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা তা মেনে নিচ্ছেন না। সভা-সমাবেশ করে তাঁরা বলছেন, উপজেলা পরিষদে সাংসদ ও ইউএনওর নিরঙ্কুশ কর্তৃত্ব। এখানে চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যানদের কাজ করার সুযোগ সীমিত।বর্তমান সরকার ক্ষমতায় এসে উপজেলা নির্বাচনের ব্যবস্থা করলেও নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যানদের কাজ করার সুযোগ সীমিত। সাংসদদের পরিষদের উপদেষ্টা রাখা এবং ইউএনওদের ওপর পরিষদের কর্তৃত্ব না থাকায় চেয়ারম্যানরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে তাঁরা মনে করছেন। ফলে সাংসদ, ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের ত্রিমুখী দ্বন্দ্বে পরিষদ অকার্যকর হতে বসেছে।এ সম্পর্কে স্থানীয় সরকারসচিব মঞ্জুর আহমেদ প্রথম আলোকে বলেন, যে বিধিমালা চূড়ান্ত করা হয়েছে, তা বিদ্যমান আইনের সঙ্গে সংগতি রেখে করা হয়েছে। এতে উপজেলা পরিষদ আরও কার্যকর হবে বলে তাঁর বিশ্বাস। তবে কাজ করতে গিয়ে কোনো সমস্যা দেখা দিলে পরে তা সংশোধন করা হবে।যোগাযোগ করা হলে বিলুপ্ত স্থানীয় সরকার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, সাংসদদের উপদেষ্টা রাখা স্থানীয় সরকার শক্তিশালী করার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়। ইউএনও বা পরিষদে ন্যস্ত কিংবা প্রেষণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীর নিয়ন্ত্রণ-তত্ত্বাবধান চেয়ারম্যান বা পরিষদের ওপর না থাকলে শৃঙ্খলা বজায় থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার-ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা মানা হচ্ছে না, এটা দুঃখজনক। তিনি বলেন, ইউএনও বা পরিষদের অধিক্ষেত্রে যাঁরাই কাজ করবেন, তাঁদের নিয়ন্ত্রণ যদি পরিষদের হাতে না থাকে, তাহলে পরিষদের আদেশ-নির্দেশ তাঁরা মানতে বাধ্য থাকবেন না। সে ক্ষেত্রে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে। প্রসঙ্গত, বিধিমালায় পরিষদের নিজস্ব জনবল বা কর্মকর্তা-কর্মচারীর নিয়ন্ত্রণ চেয়ারম্যান বা পরিষদের অধীনে ন্যস্ত করা হয়েছে। কিন্তু এসব কর্মকর্তার তেমন কোনো কাজ নেই। গাড়িচালক, পিয়নের মতো কর্মচারী নিয়োগের বা নিয়ন্ত্রণের ক্ষমতা পরিষদের হাতে রাখা হয়েছে।বিধিমালায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান বা নারী ভাইস-চেয়ারম্যানের কিছু দায়িত্বও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।