উপজেলা চেয়ারম্যানদের কর্মস্থলে থাকার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যমান পরিস্থিতি সামাল দিতে সারা দেশের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কর্মস্থলের বাইরে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের প্রায় ৯০ শতাংশই এখন কর্মস্থলে নেই বলে অভিযোগ রয়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা কোনো ভূমিকা রাখতে পারছেন না।গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা থেকে দেশের সব উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এর আগে সাংসদদেরও এলাকায় যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যদিও সব সাংসদ এলাকায় যাননি।স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব সবুর হোসেনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের) ছুটি বিধিমালা, ২০১০ অবমাননা করে বেশির ভাগ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অনুমোদিত ছুটি ছাড়া কর্মস্থলের বাইরে অবস্থান করছেন, যা আইন ও বিধিবহির্ভূত কাজ। তা ছাড়া কর্মস্থলের বাইরে থাকায় দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটছে। উপজেলা পরিষদ ছুটি বিধিমালা, ২০১০-এর ৩(২) ধারায় বলা হয়েছে, বছরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সর্বোচ্চ ২০ দিন ছুটি নিতে পারবেন। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে জেলার সীমানার বাইরে যেতে হলে চেয়ারম্যানদের যথাযথ বা টেলিফোনের মাধ্যমে মৌখিক অনুমতি গ্রহণ সাপেক্ষে ছুটি মঞ্জুর করা হবে।মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমানে বেশির ভাগ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এ বিধিমালা মানছেন না। তাঁদের বেশির ভাগই শহরে বা কর্মস্থলের বাইরে অবস্থান করছেন। তাঁরা বাইরে যাওয়ার আগে কোনো মৌখিক বা লিখিত অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছেন না। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ গতকাল প্রথম আলোকে বলেন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা জনগণের প্রতিনিধি। এলাকায় থাকা তাঁদের দায়িত্ব। কিন্তু দেখা যাচ্ছে, এঁদের বেশির ভাগই কর্মস্থলে না থেকে বাইরে অবস্থান করছেন।সচিব বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে এলাকায় থাকা খুবই জরুরি। কিন্তু চট্টগ্রামসহ বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানতে পেরেছি, দু-একজন ছাড়া কেউই কর্মস্থলে নেই। স্থানীয় প্রতিনিধিরা এলাকায় না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ওপরও চাপ পড়ছে।’উপজেলার গাড়ি অন্য এলাকায়: উপজেলার বাইরে ও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। যদি কোনো বিশেষ কারণে জেলার বাইরে গাড়ি নেওয়ার প্রয়োজন হয়, তাহলে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি নিয়ে তা ব্যবহার করতে হবে। স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়া উপজেলা পরিষদের গাড়ি বাইরে নেওয়া হলে এবং বিষয়টি স্থানীয় সরকার বিভাগ জানতে পারলে তাৎক্ষণিকভাবে ওই গাড়ি বাজেয়াপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।গতকাল সন্ধ্যায় উপজেলা শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি উপজেলা চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, কোনো কোনো চেয়ারম্যান সরকারের অনুমতি না নিয়ে উপজেলা পরিষদের গাড়ি নিয়ে বাইরে যাচ্ছেন এবং সেখানে অবস্থান করে পরিপত্রে উল্লেখ করা নির্দেশনা উপেক্ষা করছেন। এর আগে কয়েকবার এ-সংক্রান্ত নির্দেশ দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। স্থানীয় সরকার বিভাগ এ ঘটনাকে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং বিদ্যমান পরিপত্রের পরিপন্থী বলে চিঠিতে উল্লেখ করেছে।চিঠিতে সব উপজেলা চেয়ারম্যানকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, উপজেলা পরিষদের গাড়ি ব্যবহার ও জ্বালানি সরবরাহ-সংক্রান্ত পরিপত্র লঙ্ঘন করলে গাড়ি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।