উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা আরও কমল
খাদ্যশস্য কেনার দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে উপজেলা চেয়ারম্যানদের। এখন খাদ্য ক্রয় কমিটির সভাপতি করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)। কমিটিতে সাংসদদের দুজন প্রতিনিধিও রাখা হয়েছে।এ ছাড়া প্রাথমিক শিক্ষা কমিটিতে উপজেলা চেয়ারম্যানকে সভাপতি হিসেবে রাখা হলেও তা সংশোধন করা হয়েছে। এখন ইউএনওকে এই কমিটির নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে। আগে ইউএনও ছিলেন ভাইস চেয়ারম্যান।ইউএনওকে প্রাথমিক শিক্ষা কমিটির নির্বাহী চেয়ারম্যান করা প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান প্রথম আলোকে বলেন, চেয়ারম্যানের অনুপস্থিতিতে কাজের সুবিধার জন্য এটি করা হয়েছে।এদিকে বিধান অনুযায়ী কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) প্রকল্প বাছাইয়ে উপজেলা পরিষদের অনুমোদন বাধ্যতামূলক করা হলেও সাংসদদের দেওয়া প্রকল্প অনুমোদন দিচ্ছেন ইউএনও। এ ক্ষেত্রে পরিষদকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে বলে কয়েকজন উপজেলা চেয়ারম্যান অভিযোগ করেছেন। একাধিক ইউএনও নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে সাংসদদের নির্দেশ মানবেন, নাকি উপজেলা চেয়ারম্যানের কথা শুনবেন, তা নিয়ে তাঁরা উভয় সংকটে পড়েছেন।গত ২২ মার্চ উপজেলা পরিষদ আইন সংশোধনের মাধ্যমে ইউএনওর সঙ্গে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতার ভারসাম্য আনতে ইউএনওকে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়। পাশাপাশি সাংসদদের উপদেষ্টা পদ বহাল রেখে তাঁদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে উপজেলা চেয়ারম্যানরা মনে করছেন, তাঁদের ক্ষমতা খর্ব করা হয়েছে। ১২ এপ্রিল ঢাকায় এক কর্মশালায় উপজেলা চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর সামনেই তাঁদের ক্ষোভের কথা তুলে ধরেন।সর্বশেষ খাদ্যশস্য ক্রয় কমিটি থেকে বাদ দেওয়া প্রসঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, প্রথমবার তাঁদের এ দায়িত্ব দেওয়ায় অনিয়ম হয়েছিল। এ জন্য এবার বাদ রাখা হয়েছে। তবে ইউএনওরা বলছেন, নিয়ম-অনিয়মের কথা গৌণ। আগে উপজেলা চেয়ারম্যান যা বলেছেন তাই হয়েছে। এখন সাংসদ যা বলবেন, তাই হবে। এখানে ইউএনও ডাকবাক্স মাত্র।প্রধানমন্ত্রীর কর্মসূচি ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’-এর উপজেলাভিত্তিক কমিটির চেয়ারম্যান করা হয়েছে পরিষদের চেয়ারম্যানকে। এতে সাংসদকে উপদেষ্টা রাখা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে ইউএনও এবং সদস্যরা মিলে সাংসদের পরামর্শে তালিকা অনুমোদন করে তা কেন্দ্রে পাঠাচ্ছেন।উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সমিতির আহ্বায়ক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান আবদুল মজিদ গতকাল প্রথম আলোকে বলেন, এসব ঘটনা উপজেলার জনপ্রতিনিধির গুরুত্বকে খাটো করার জন্য করা হচ্ছে। সার্বিক অবস্থা বিবেচনা করলে বলা যায়, উপজেলা পরিষদ এখন অকার্যকর।আবদুল মজিদ জানান, বেশির ভাগ উপজেলাতেই চেয়ারম্যানরা কাজ করতে পারছেন না। কোনো কোনো জায়গায় চেয়ারম্যানরা কিছু কর্তৃত্ব করতে পারছেন গায়ের জোরে। কিন্তু বিধিবিধান যেভাবে করা হচ্ছে, তাতে একসময় তাঁরাও আর কাজ করতে পারবেন না।দ্বন্দ্বের কিছু ঘটনা: সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানায়, পারস্পরিক দ্বন্দ্বের কারণে ইতিমধ্যে ১০ জন ইউএনওকে সাংসদ বা উপজেলা চেয়ারম্যানের পত্রের পরিপ্রেক্ষিতে সরকার প্রত্যাহার করে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপজেলা হলো বাউফল, সাতক্ষীরার কালীগঞ্জ, নড়াইলের কালিয়া, বরিশালের মুলাদী, চট্টগ্রামের সন্দ্বীপ ও টাঙ্গাইলের দেলদুয়ার।ইউএনওকে প্রত্যাহারের জন্য উপজেলা চেয়ারমানের অনেকগুলো আবেদন বিবেচনাধীন। পাশাপাশি অর্ধশতাধিক ইউএনও মাঠ থেকে তাঁদের সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন। অবশ্য এসব আবেদনে তাঁরা রাজনৈতিক কারণ উল্লেখ না করে ব্যক্তিগত সমস্যার কথা বলেছেন।জানতে চাইলে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, কর্মকর্তাদের বদলি নিয়মিত কাজ। কর্মকর্তা কত দিন কোথায় থাকবেন, তা নির্ধারিত আছে। তারপরও জনস্বার্থের কারণে অনেককে অকালীন বদলি করার নিয়ম আছে। রাজনৈতিক কারণে কাউকে বদলি হতে হচ্ছে—এমন কথা তাঁর জানা নেই বলে তিনি জানান। একাধিক জেলা প্রশাসক ও ইউএনও নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, চেয়ারম্যানদের দায়িত্ব এখন সুনির্দিষ্ট। খাসজমি বন্দোবস্ত, খাদ্য ক্রয়, সারবীজ, খাদ্য পরিবেশক নিয়োগ নিয়েও সাংসদ ও চেয়ারম্যান পরস্পরবিরোধী প্রস্তাব বা সুপারিশ করেন। যার সুপারিশ রাখা সম্ভব হয় না তিনিই ক্ষুব্ধ হন। ক্ষুব্ধ জনপ্রতিনিধি তখন সংশ্লিষ্ট কর্মকর্তাকে আওয়ামী লীগবিরোধী চিহ্নিত করে গালমন্দ করেন। অনেক সময় ওএসডি করার জন্য সরকারের কাছে চিঠি দেন।তবে কয়েকজন জেলা প্রশাসক বলেন, রাজনৈতিক সরকারের সময় কিছুটা চাপ থাকতে পারে। সব কিছুকে মানিয়ে নেওয়াই আমলাতন্ত্রের শিক্ষা। তবে কিছু অবাস্তব ও বেআইনি চাপও আছে। যেগুলো মানা সম্ভব হয় না।জেলা প্রশাসকেরা মনে করেন, সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকা দরকার। এ রকম অবস্থা বেশি দিন চলতে থাকলে মাঠ প্রশাসন স্থবির হয়ে পড়তে পারে। এ বিষয়ে জানতে চাইলে সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘এটা খুব দুঃখজনক যে, আমাদের জনপ্রতিনিধিরা ক্ষমতা বা দায়িত্ব সম্পর্কে সচেতন নন। সরকারের প্রাণ হচ্ছে মাঠ প্রশাসন। কিন্তু মাঠ কর্মকর্তারা যদি স্বাধীনভাবে কাজ করতে না পারেন, তাহলে সরকারের উন্নয়ন ব্যাহত হবে।’ তাঁর মতে, স্থানীয় সরকারের কর্তৃত্ব যতক্ষণ সাংসদদের হাতে রাখা হবে, ততক্ষণ এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। তিনি বলেন, আবার চেয়ারম্যানরাও যদি ইউএনওকে দিয়ে সব কাজ করাতে চান, সেটাও ঠিক নয়। ইউএনওদের মধ্যেও জনপ্রতিনিধির নির্দেশ মানার মানসিকতা থাকতে হবে।