উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি কেনার খরচ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি কেনার খরচ ১০ লাখ টাকা করে বেড়েছে। এর আগে ২৬০টি গাড়ি কেনা হলেও এ দফায় কেনা হচ্ছে আরও ২১১টি। এতে সরকারের মোট ব্যয় বাড়বে ২১ কোটি ১০ লাখ টাকা। এক বছর আগেও যে গাড়ি ৩২ লাখ ৫০ হাজার টাকা করে কেনা হয়েছে, একই মানের গাড়ি সরকার এখন কিনতে যাচ্ছে ৪১ লাখ ৫০ হাজার টাকা করে। নিবন্ধন ব্যয় ৮০ হাজার টাকাসহ আনুষঙ্গিক ব্যয় পড়বে আরও এক লাখ টাকা। অর্থাৎ গাড়ি প্রতি মোট বৃদ্ধি ১০ লাখ টাকা। আজ সোমবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, শুল্কের পরিমাণ বেড়ে যাওয়ায় গাড়ি কেনার ব্যয়ও বেড়ে গেছে। মন্ত্রিসভা কমিটির বৈঠকে গত বছর উপজেলা চেয়ারম্যানদের জন্য ৪৭১টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। তিন ধাপে ইতিমধ্যে ২৬০টি গাড়ি কেনাও হয়েছে। প্রথম দফায় কেনা হয় ৫০টি। প্রতিটি গাড়িতে ব্যয় হয়েছে ৩২ লাখ ৫০ হাজার টাকা করে। তার পরের ধাপে কেনা হয় ১৩০টি। এ দফায় প্রায় তিন লাখ টাকা করে বেড়ে যায় প্রতিটি গাড়ির দাম। দর বেড়ে হয় ৩৫ লাখ ৩৯ হাজার টাকা। তৃতীয় দফায় কেনা হয় ৮০টি গাড়ি। আগের দফার তুলনায় ওইবার বাড়ে আরও আড়াই লাখ টাকা। নুরুল করিম সাংবাদিকদের আরও বলেন, সব গাড়িই তৈরি করে দিচ্ছে স্থানীয় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিবন্ধন বাদে একেকটি গাড়ি কিনতে ব্যয় হবে ৪১ লাখ ৫০ হাজার টাকা। নিবন্ধনে খরচ হবে ৮০ হাজার টাকা করে। ২১১টি গাড়ির জন্য মোট ব্যয় হবে ৮৭ কোটি ৫৫ লাখ টাকা। ক্রয় কমিটিতে এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম চার লেনবিশিষ্ট সড়কপথের নতুন পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।