ইউএনওদের বিরুদ্ধে আইন না মানার পাল্টা অভিযোগ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের
উপজেলা চেয়ারম্যানদের দুষলেন ইউএনওরা
মাঠ প্রশাসনে (উপজেলা পর্যায়ে) কাজের পরিবেশ ভালো নয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। এর কারণ হিসেবে তাঁরা উল্লেখ করেছেন নানামুখী চাপ, আইনের সীমাবদ্ধতা ও উপজেলা চেয়ারম্যানদের আইন না মানার মানসিকতাকে।গতকাল রোববার উপজেলা পরিষদ প্রশিক্ষণসংক্রান্ত কর্মশালায় অংশ নেওয়া ইউএনওরা খোলাখুলিভাবে এসব কথা বলেন। এদিকে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ হাওলাদার আইন না মানার পাল্টা অভিযোগ করেছেন ইউএনওদের বিরুদ্ধে। কর্মশালায় ইউএনওদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রথম আলোর কাছে তিনি এ অভিযোগ করেন।স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল শুরু হওয়া এ কর্মশালার প্রথম পর্যায় শেষ হবে আজ সোমবার। কর্মশালায় ঢাকা বিভাগের ৩০ জন ইউএনও অংশ নিচ্ছেন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আবার এ কর্মশালা শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব ইউএনওকে এ কর্মশালায় ডাকা হবে।স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনএলআইজি) যৌথভাবে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ। উদ্বোধনী পর্বে স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনার বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) অশোক মাধব রায়। এতে সভাপতিত্ব করেন এনআইএলজির মহাপরিচালক কবির মো. আশরাফ আলম।দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব শফিউল আলম এবং সভাপতিত্ব করেন এনআইএলজির পরিচালক (প্রশিক্ষণ) একরামুল হক।উদ্বোধনী বক্তৃতায় মন্ত্রিপরিষদ সচিব আইনের মধ্যে থেকে সমন্বয়ের মাধ্যমে উপজেলা পরিষদকে শক্তিশালী করতে ইউএনওদের ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আইন-বিধিবিধানের নানা দিক উল্লেখ করে আইন অনুযায়ী চলতে ইউএনওদের পরামর্শ দেন।জানা যায়, কর্মশালায় ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, শেরপুর, মুুন্সিগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর জেলার ২০ জন ইউএনও কাজের ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ইউএনওদের পক্ষ থেকে বলা হয়, মাঠ প্রশাসনে কাজের পরিবেশ ভালো রাখা যাচ্ছে না। চেয়ারম্যানরা আইন মানতে চান না। তাঁরা পরিষদের চেয়ারম্যান—এ কথা মনে না রেখে নিজেরা সবকিছুর ওপর কর্তৃত্ব করতে চান। একজন ইউএনও বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে গাড়ি পাওয়ার পর চেয়ারম্যানরা চালক নিয়োগ দিতে পারবেন বলে বিধান জারি করা হয়েছে। কিন্তু তাঁর উপজেলার চেয়ারম্যান ব্যক্তিগত গাড়িতে চালক নিয়োগ দিয়ে ভাতা দাবি করছেন পরিষদের কাছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে বেশি ভাতা চাওয়া হচ্ছে। তিনি বলেন, প্রতিদিন ১২০ টাকা হারে চালকভাতা দেওয়ার বিধান উপেক্ষা করে ২৫০ টাকা হারে ভাতা অনুমোদনের জন্য চাপ দেওয়া হচ্ছে।আরেকজন ইউএনও বলেন, কিছু ক্ষেত্রে প্রকল্প বাছাই করেন সাংসদ কিংবা উপজেলা চেয়ারম্যান। কিন্তু প্রকল্পের জন্য অর্থবিলে উপজেলা প্রকৌশলী ও ইউএনওকে অনুমোদন দিতে হয়। দেখা গেছে, এ ধরনের প্রকল্পের সিংহভাগ লুটপাট করা হচ্ছে। জেনেশুনে অন্যায়কে প্রশ্রয় দিতে হচ্ছে। দায়ও থেকে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের ওপর।ইউএনওদের কেউ কেউ বলেন, সাংসদ-চেয়ারম্যানের দ্বন্দ্বের মাঝখানে পড়ে সরকারি কর্মকর্তাদের আইন মেনে কাজ করা দুুরূহ হয়ে পড়ছে।কর্মশালায় উপস্থিত সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ইউএনওদের বক্তব্যের জবাব না দিয়ে তাঁদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দেন। তাঁরা প্রয়োজনীয় বিধিবিধান করারও প্রতিশ্রুতি দেন।অবশ্য রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব বলেন, শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অনেকের হয়তো মাঠের কথা ভাবার সময় নেই। এখন যে যেখানে, সে ময়দান ঠিক রাখতেই সবাই ব্যস্ত।ভ্রাম্যমাণ আদালত আইনে দোষ স্বীকারের ভিত্তিতে সাজা দেওয়ার ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের রয়েছে। দোষ স্বীকার না করলে বিকল্প শাস্তি দেওয়ার ক্ষমতাও আইনে থাকা দরকার—ইউএনওদের এ দাবির সঙ্গে একমত পোষণ করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব। তিনি উপজেলা পর্যায়ে একজন সহকারী কমিশনার (অর্থ) নিয়োগে ইউএনওদের দাবিকে যৌক্তিক মনে করেন এবং এ জন্য লিখিতভাবে পরামর্শ দিতে বলেন। একজন ইউএনও বলেন, দ্রুত সিভিল সার্ভিস অ্যাক্ট করে প্রজাতন্ত্রের কর্মচারীদের সুরক্ষার ব্যবস্থা করা জরুরি।স্থানীয় সরকারসচিব স্থানীয় সরকার এবং এর প্রয়োজনীয়তা, সাংবিধানিক অবস্থান ও উপজেলা পরিষদের পটভূমি, গঠন, কার্যাবলী সম্পর্কে বক্তব্য দেন।কর্মশালায় ইউএনওদের বক্তব্যের প্রতিক্রিয়ায় উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রথম আলোকে বলেন, আইনে পরিষদের সচিব উল্লেখ থাকলেও ইউএনওরা নোটিশ বা সিদ্ধান্তপত্রে তা লেখেন না। উপজেলা পরিষদের কাছে হস্তান্তরিত ১০৮ বিষয়ের সভাপতি ইউএনও কীভাবে থাকেন? এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব চেয়ারম্যান গাড়ি পাননি, তাঁরা নিজেদের গাড়ির জন্য চালক ও তেল খরচ পাবেন বলে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা আছে। ১৮০ টাকা না ২৫০ টাকা সেটি বড় নয়। আসলে এসব কাদা ছোড়াছুড়ি। হস্তান্তরিত ১৩টি বিভাগের কোনো নথি ইউএনওরা এখন পর্যন্ত চেয়ারম্যানের কাছে দেন না।হারুন অর রশিদ হাওলাদার বলেন, যেখানে পুরো পরিষদই অকার্যকর, সেখানে আইন মানা না-মানার প্রশ্ন অবান্তর। ১৯ মাস ধরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা বঞ্চিত ও লাঞ্ছিত হচ্ছেন। তিনি বলেন, জনপ্রতিনিধির দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা নেই প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। আজকের মন্ত্রিপরিষদ সচিব একসময় ইউএনও ছিলেন। চেয়ারম্যানের কাছ থেকে তিনিও এসিআর নিয়ে আজ এখানে উঠেছেন। কিন্তু বর্তমান কর্মকর্তারা তরুণ সমাজের প্রতিনিধি হয়েও ব্রিটিশ ধ্যান-ধারণা পরিত্যাগ করতে পারছেন না।