উপজেলা চেয়ারম্যানদের বিরুদ্ধে অনাস্থার বিধান বাতিলের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ সংশোধিত আইনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিধানের বিরোধিতা করেছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। উপজেলা পরিষদ (সংশোধন) বিল-২০১০ থেকে এ-সংক্রান্ত তিনটি উপধারা বাদ দেওয়ার দাবি করেছেন তাঁরা।একই সঙ্গে উপজেলা পরিষদের সচিব হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।আজ শনিবার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় তাঁরা এসব প্রস্তাব দেন। কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে সভায় ১১ জন উপজেলা চেয়ারম্যান ও ১০ জন ভাইস চেয়ারম্যান মতামত দেন। কমিটির আগামী সভায় এ ব্যাপারে সুপারিশ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির সভাপতি রহমত আলী সাংবাদিকদের বলেন, উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের বেশ কিছু দাবি যৌক্তিক। এসব নিয়ে কমিটির আগামী বৈঠকে আলোচনা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা পরিষদ বিলের প্রতিবেদন চূড়ান্ত করার আগে বেশ কিছু সংশোধনী আনা হতে পারে। সংসদের চলতি অধিবেশনেই এ প্রতিবেদন উত্থাপনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।সভায় অংশগ্রহণকারী উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকি উপজেলার চেয়ারম্যান হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, ‘আশা করি, কমিটি উপজেলার নির্বাচিত প্রতিনিধিদের দাবিগুলো বিবেচনায় নিয়ে তাদের প্রতিবেদন চূড়ান্ত করবে।’এ সময় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, নূর-ই-আলম চৌধুরী, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান, মোস্তফা জালাল মহিউদ্দিন ও আশরাফুন নেছা মোশারফ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহিরকান্তি মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ অধিকতর সংশোধনের জন্য গত বছরের ৬ ডিসেম্বর উপজেলা পরিষদ (সংশোধন) বিল-২০১০ সংসদে উত্থাপিত হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি কমিটিতে পাঠানো হয়। কমিটি এ বিলটি সম্পর্কে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নেয়।