নাটোরে দরপত্র দাখিল করা নিয়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ৭৮ জনের বিরুদ্ধে আজ বুধবার থানায় মামলা হয়েছে।সদর থানা সূত্র জানায়, যুবলীগের কর্মী মিঠু ও সরোয়ারকে হত্যাচেষ্টার অভিযোগে ঠিকাদার সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ৩৮ জনের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে। মামলার নয় আসামি হাসু, সেন্টু, রানা, রনি, মিন্টু, সাইফুল, নয়ন, ওসমান ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এই মামলার পাঁচ আসামি রানা, সাইফুল, সেন্টু, হাসু ও ওসমানের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ আরিফ। মামলার তদন্তকারী কর্মকর্তা দুলাল হোসেন আদালতের কাছে আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত কাল বৃহস্পতিবার এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছেন।এদিকে আজ বিকেলে উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম তাঁর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পুলিশকে দিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। প্রসঙ্গত, নাটোরে দরপত্র জমা দেওয়ার সময় গতকাল যুবলীগের সমর্থক ঠিকাদারদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হন।