উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে কোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে তা তদন্ত করবেন জেলা প্রশাসক (ডিসি)। তদন্তে দোষী প্রমাণিত হলে চেয়ারম্যানকে অপসারণ বা বরখাস্তের সুপারিশ করতেও পারবেন ডিসি। তবে তদন্ত প্রতিবেদন পাঠাতে হবে স্থানীয় সরকার বিভাগে। এই বিভাগের মন্ত্রীর অনুমোদনের পর চেয়ারম্যানকে বরখাস্ত করা যাবে। গত ১৯ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে এ ধরনের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।প্রসঙ্গত, রাষ্ট্রীয় মর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অনুযায়ী ডিসি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের মর্যাদা একই।সংশ্লিষ্ট সূত্র জানায়, চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের দায়িত্ব ডিসির হাতে দিয়ে স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন পুনরায় সংশোধন করা হচ্ছে। এখন আইনি পরিভাষা দিতে (ভেটিং) সংশোধনী প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে রয়েছে। আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগ তা সংসদে উত্থাপনের জন্য পাঠাবে। একই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পরিবর্তে ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা’ করে শব্দগত সংশোধনীও অনুমোদন করা হয়েছে।জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের একজন যুগ্ম সচিব প্রথম আলোকে বলেন, আইনটি যখন প্রথম সংশোধন করা হয়, তখন ভুলবশত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে কী হবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু ছিল না। তাই নতুন করে সংশোধনী আনা হচ্ছে। তিনি বলেন, সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সংশোধনীসহ আইনটি পাস করার প্রস্তুতি রয়েছে।যুগ্ম সচিব বলেন, এ ধরনের বিধান ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ আইনে আছে। কিন্তু উপজেলার ক্ষেত্রে বিধানটি না থাকায় এখন তা নতুন করে সংযোজন করা হচ্ছে।সংশোধনীতে বলা হয়েছে, উপজেলা পরিষদের কোনো সদস্য বা সংশ্লিষ্ট এলাকার যেকোনো সাধারণ নাগরিক জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে যেকোনো ধরনের অভিযোগ উত্থাপন করলে জেলা প্রশাসক তা আমলে নিয়ে তদন্তের উদ্যোগ নেবেন। তদন্ত করে একটি প্রতিবেদন সুপারিশসহ স্থানীয় সরকার বিভাগে পাঠাবেন। স্থানীয় সরকার বিভাগ ইচ্ছা করলে এই প্রতিবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে। আবার তৃতীয় কোনো পক্ষ দিয়ে পুনঃ তদন্তও করাতে পারবে। তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা যাবে।স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন ২০০৮-এ উপজেলা চেয়ারম্যান বা পরিষদের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব ছিল স্থানীয় সরকার কমিশনের ওপর। এই কমিশন ছিল স্বাধীন। কমিশনের হাতেই ছিল চেয়ারম্যানের অপসারণ বা সাময়িক বরখাস্ত করার ক্ষমতা। তত্ত্বাবধায়ক সরকার এই কমিশন গঠন করলেও বর্তমান সরকার কমিশন গঠনের অধ্যাদেশ অনুমোদন না করায় কমিশন বিলুপ্ত হয়ে যায়।বর্তমান সরকার ২০০৮ সালের ৮ এপ্রিল ’৯৮ সালের উপজেলা আইনে প্রথম সংশোধনী আনে। এই সংশোধনকালে আইনের ১৩ ধারায় চেয়ারম্যান ও মহিলা সদস্য কিছু নির্দিষ্ট কারণে অপসারণযোগ্য হবেন বলে উল্লেখ থাকলেও অভিযোগের তদন্তের দায়িত্ব কার হাতে থাকবে, সে সম্পর্কে কিছু বলা নেই। তবে সরকার তদন্ত করবে বলে উল্লেখ রয়েছে। এখন সরকারের পরিবর্তে জেলা প্রশাসক তদন্ত করবেন বলে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে।যেসব কারণে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান অপসারিত হবেন বলে উল্লেখ আছে, সেগুলোর মধ্যে রয়েছে অসদাচরণ, ইচ্ছাকৃত ক্ষমতা কুক্ষিগত, দুর্নীতি, অনিয়ম, রাষ্ট্রের বা পরিষদের ক্ষতিসাধন, স্বজনপ্রীতি, পরপর তিন সভায় অনুপস্থিত থাকা ইত্যাদি। তবে অভিযোগ পরিষদের সভায় উত্থাপন এবং পাঁঁচ ভাগের চার ভাগ সদস্যের সমর্থন ছাড়া অপসারণ করা যাবে না বলে বিধান রয়েছে। কিন্তু নতুন সংশোধনীতে এসব সুযোগ থাকছে না। অবশ্য সংশ্লিষ্ট অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিধান থাকছে।