উপজেলা জনপ্রতিনিধিরা লাগাতার অনশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ দফা দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। শতাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গতকাল শনিবার থেকে লাগাতার অনশন শুরু করেছেন। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা তাঁদের সঙ্গে আলোচনা করে দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা।উপজেলা পরিষদের দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল সকাল ১০টা থেকে রাজধানীর মুক্তাঙ্গনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ অনশন কর্মসূচির আয়োজন করে। ২০০৯ সালের ২২ জানুয়ারি দেশজুড়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে ২০০৮ সালের উপজেলা অধ্যাদেশ বাতিল করে ১৯৯৮ সালের আইন চালু করায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অনেকাংশেই ক্ষমতাশূন্য হয়ে পড়েন। আইনে সাংসদদের উপজেলা পরিষদের উপদেষ্টা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সচিবের দায়িত্ব দেওয়া হয়। এরপর গত দুই বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের পরিপত্র জারি করে দফায় দফায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করা হয়। বলা হয়েছে, সংশ্লিষ্ট সাংসদের সঙ্গে পরামর্শ না করে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা কেন্দ্রের কাছে কোনো প্রস্তাব দিতে পারবেন না। তাঁদের মতে, এর ফলে উপজেলায় সাংসদ ও ইউএনওর দাপট বেড়ে যায়। জনপ্রতিনিধিদের সঙ্গে ইউএনওদের দ্বন্দ্ব সারা দেশের উপজেলা পরিষদকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করে।পরিষদে সাংসদ ও ইউএনওদের কর্তৃত্ব কমিয়ে নিজেদের ক্ষমতা ফিরিয়ে দিতে ২০০৯ সালের মাঝামাঝি সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। একই সময়ে ভাইস চেয়ারম্যানরাও অন্য সংগঠনের ব্যানারে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেন। তবে বর্তমানে জনপ্রতিনিধিরা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করছেন। ১০ দফার উল্লেখযোগ্য হলো আইনে চেয়ারম্যানের দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগে কোনো প্রতিবন্ধকতা রাখা যাবে না; মন্ত্রণালয়ের সব প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে; চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের পদমর্যাদা, কর্ম ও সুযোগ-সুবিধা নির্দিষ্ট করতে হবে; উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের গোপন প্রতিবদন তৈরির এখতিয়ার চেয়ারম্যানদের ওপর ন্যস্ত করা ইত্যাদি। এসব দাবি আদায়ে পরিষদের পক্ষ থেকে গত দেড় বছরে জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশসহ বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়। বলা হয়, দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। কিন্তু আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাননি তাঁরা। বরং উপজেলা আইন সংশোধন করে ইউএনওর ক্ষমতা বাড়াতে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। এ অবস্থায় জনপ্রতিনিধিরা অনশন শুরু করেছেন।জনপ্রতিনিধিদের আন্দোলন সম্পর্কে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, সরকার দ্রুত সমস্যার সমাধান না করলে পরিস্থিতি আরও খারাপ হবে। উপজেলা আইন সংশোধনের জন্য সংসদে যে বিল উত্থাপন করা হয়েছে, তাতে ইউএনদের ক্ষমতা আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এটা করা হলে স্থানীয় পর্যায়ে দ্বৈত শাসন শুরু হবে। এটা দেশের জন্য মোটেই মঙ্গলজনক হবে না। পরিষদের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসে আলোচনা না করলে তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন।গতকাল অনশন চলাকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, জাতীয় শ্রমিক জোটের সভানেত্রী শিরিন আক্তারসহ অনেকেই কর্মসূচিস্থলে গিয়ে তাঁদের দাবির প্রতি সমর্থন জানান।এ সময় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নুরন্নবী চৌধুরী, বগুড়ার শিবগঞ্জের কেরামত আলী, কুড়িগ্রামের ফুলবাড়ীর আহমদ আলী, রাজনগর উপজেলার আহমেদ বেলাল, রামু উপজেলার নুসরাত জাহান, চিতলমারী উপজেলার শিবানী বিশ্বাস, রানীশংকৈলের সেলিনা জাহান, আড়াইহাজারের পারভীন আক্তার, বালাগঞ্জের হালিমা বেগম প্রমুখ।