উপজেলা পরিষদ পাচ্ছে গম, সাংসদেরা টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো উপজেলা পরিষদের মাধ্যমে টেস্ট রিলিফের (টিআর) জন্য এক লাখ মেট্রিক টন গম বরাদ্দ করা হচ্ছে। পাশাপাশি টিআরের অধীনে গমের পরিবর্তে প্রত্যেক সাংসদ পাবেন ৮০ থেকে ৯০ লাখ করে নগদ টাকা। আজকালের মধ্যে এ বিষয়ে আদেশ জারি হবে।এদিকে যেসব এলাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, সেখানে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের এ কাজে সম্পৃক্ত করা যাবে না বলে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এলাকার জনসংখ্যা ও দারিদ্র্যের হার বিবেচনা করে সাংসদদের কর্তৃত্বে ২৮৭ কোটি টাকা বরাদ্দ করা হবে। প্রতি সাংসদ কম-বেশি ৮০ থেকে ৯০ লাখ টাকা করে পাবেন। পাশাপাশি উপজেলা পরিষদের মাধ্যমে বণ্টনের জন্য এক লাখ টন গম দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, মজুদের ওপর বেশি চাপ যাতে না পড়ে সে জন্য খাদ্যশস্যের বদলে সাংসদদের টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। এদিকে মন্ত্রণালয়ের সচিব আসলাম আলম জানান, যে ১২টি জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এবার টিআরের কাজে সম্পৃক্ত করা যাবে না। নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী টিআর কর্মসূচি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নেতৃত্বে কমিটি করা হয়। আর এ কর্মসূচির অধীনে শুধু প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারকাজ করার বিধান রয়েছে। সচিব জানান, নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধির নেতৃত্বে কমিটি করা যাবে। এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা সচিবকে সভায় ডেকে একাধিক উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এলাকার সাংসদকে বেশি বরাদ্দ দিতে অনুরোধ করেছে। এ কথা স্বীকার করে সচিব বলেন, ‘বিষয়টি চিন্তাভাবনার মধ্যে রয়েছে।’ তবে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এলাকার তুলনায় একাধিক উপজেলার সমন্বয়ে গঠিত সংসদীয় এলাকার জনসংখ্যার খুব বেশি তারতম্য নেই। তবুও একাধিক উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এলাকার সাংসদের দাবি রয়েছে তাঁদের বেশি বরাদ্দ দিতে। তবে এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, প্রথমত, ইউপি নির্বাচন কোথাও চলছে কোথাও সামনে হবে। এ রকম সময় এ ধরনের কর্মসূচি নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এ ধরনের বরাদ্দ রাজনৈতিক বরাদ্দ বললেও ভুল হবে না। দিনমজুরকে কাজ দিতে এ কর্মসূচির প্রয়োজন। কিন্তু এ নিয়ে অভিজ্ঞতা সুখকর নয়। বেশির ভাগই চুরি-চামারিতে চলে যায়।এ ছাড়া এ কাজে সাংসদদের সম্পৃক্ত করার বিরোধিতা করে মোজাফ্ফর আহমদ বলেন, এর ফলে স্থানীয় সরকারব্যবস্থাই দুর্বল হবে।