উপজেলা পরিষদ সংশোধন আইন-২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব আবুল কালাম আজাদ। বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তে বর্ডার হাট স্থাপন ও পরিচালনার জন্য সমঝোতা স্মারক অনুমোদন দেওয়া হয়েছে।এ ছাড়া বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন একটি মিলের ক্ষমতা সম্প্রসারণে আর্থিক সমস্যা সমাধানে অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক রেডক্রস কমিটির পূর্ণাঙ্গ স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়। ন্যাশনাল সার্ভিসে মাধ্যমিক এবং তদূর্ধ্ব পর্যায়ে শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন যুব মহিলাদের জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া বৈঠকে থাইল্যান্ডে অনুষ্ঠিত জ্বালানিবিষয়ক দ্বিতীয় বিমসটেক মন্ত্রিসভার প্রতিবেদন সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।