উপজেলা পরিষদে সাংসদেরাই উপদেষ্টা থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন। তবে পরিষদে নির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকবে উপজেলা চেয়ারম্যানের হাতে।এই বিধান রেখে গতকাল সোমবার উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১১ যাচাই-বাছাই করে সংসদে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।কমিটির সভাপতি রহমত আলী দেশের বাইরে থাকায় কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী প্রতিবেদন উপস্থাপন করেন। কমিটি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের উল্লেখযোগ্য দাবিগুলো আমলে নেয়নি। ২৫ ধারার বিধান অনুযায়ী, সাংসদ উপজেলা পরিষদের উপদেষ্টা থাকছেন এবং পরিষদ তাঁর পরামর্শ গ্রহণ করবে।আইনের ৩৩ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, ইউএনও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন। তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন। বিদ্যমান আইনের এ ধারায় বলা আছে, ইউএনও উপজেলা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।অন্যদিকে আইনের ২৬ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের ওপর ন্যস্ত থাকবে। তবে পরিষদ নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার জন্য ভাইস চেয়ারম্যান বা অন্য কোনো কর্মকর্তাকে দায়িত্ব দিতে পারবে। বিদ্যমান আইনে নির্বাহী ক্ষমতা পরিষদের ওপর ন্যস্ত রয়েছে।২৯ ধারা সংশোধনের প্রস্তাবে বলা আছে, পরিষদের বিভিন্ন কমিটির (১৭টি) সভাপতি হবেন ভাইস চেয়ারম্যানরা। ২৪ ধারা সংশোধনের প্রস্তাব করে কর্মকর্তাদের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন লেখার দায়িত্ব পরিষদের পরিবর্তে চেয়ারম্যানের কাছে ন্যস্ত করা হয়েছে।চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সম্পর্কে বলা হয়েছে, আইনের লঙ্ঘন, গুরুতর অসদাচরণের অভিযোগ বা শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে। অনাস্থা প্রস্তাব পরিষদের চার-পঞ্চমাংশ সদস্যের স্বাক্ষরে বিভাগীয় কমিশনারের কাছে জমা দিতে হবে। অভিযুক্ত চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে অপসারণের কাজ শুরু হলে অথবা অভিযুক্তের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার অভিযোগপত্র গৃহীত হলে সরকার লিখিত আদেশের মাধ্যমে অভিযুক্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে।প্রতিবেদন সম্পর্কে গতকাল উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের সদস্য এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ‘ঐক্য পরিষদের সদস্যরা সংসদীয় কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যেসব দাবি করেছিল, তার কিছুই রাখা হয়নি। আমাদের দাবি ছিল, সাংসদকে পরিষদের উপদেষ্টা রাখা যাবে না। ইউএনওকে মুখ্য নির্বাহী কর্মকর্তা করা যাবে না।’আনোয়ারুল হক বলেন, কমিটির এই সুপারিশ পাস হলে উপজেলায় প্রশাসনিক জটিলতা আরও বাড়বে।