উপজেলা পর্যায়ে ওএমএস শুরু হচ্ছে
চালের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে দু-একদিনের মধ্যে উপজেলা পর্যায়ে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু করতে যাচ্ছে সরকার। এ ছাড়া উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত পাচ জেলা ও জামালপুরের নদী ভাঙনকবলিত এলাকার জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচিও শুরু হচ্ছে। আজ রোববার খাদ্য ও দুর্যোগ-ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধিান্ত নেওয়া হয়। মিল গেট থেকে বাজার পর্যন্ত চালের দাম কোথাও অস্বাভাবিকভাবে বাড়ে কি না, তা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে খাদ্য মন্ত্রণালয়ে একটি আলাদা সেল গঠন করা হবে বলেও জানা গেছে। বৈঠক শেষে খাদ্য ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, গত রমজানের পর থেকেই চালের বাজার ঊর্ধ্বমুখী। বর্তমানে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, মন্তব্য করে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ীরা ওএমএসের আওতা বাড়ানোর সুপারিশ করেছেন। বর্তমানে ঢাকা শহরে ১০০টি স্থানসহ বিভাগীয় ও জেলা শহরে ট্রাক ডিলারের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি কেজি ২৪ টাকা দরে বিক্রির জন্য প্রতি মাসে ২৫ হাজার টন চাল ওএমএস কার্যক্রমের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।খাদ্যমন্ত্রী আরও বলেন, 'সরকারের খাদ্যশস্য সংগ্রহ অভিযান বলতে গেলে ব্যর্থই হয়েছে। তবে আমরা ছয় লাখ টন চাল আমদানির প্রক্রিয়া শুরু করেছি। ভিয়েতনাম, পাকিস্তান ও ভারত থেকে এসব চাল আসবে। ইতিমধ্যে বিভিন্ন বন্দরে ১২টি জাহাজ এসে ভিড়েছে। জাহাজ থেকে চাল খালাসও করা হচ্ছে।' তিনি বলেন, 'সবাই নিশ্চিত থাকতে পারেন, দেশে খাদ্যের কোনো সংকট নেই।'আটার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে আটার দাম ঊর্ধ্বমুখী। আমরা চষ্টো করলেই আটার দাম কমাতে পারব না। আটার দাম নিয়ন্ত্রণের জন্য একটি দাম পর্যবেক্ষণ সেলও গঠন করা হবে।'সভায় খাদ্যসচিব বরুণ দেব মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্তসচিব, খাদ্য বিভাগের যুগ্ম সচিব ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উত্তরবঙ্গের চালকল-মালিক এবং ঢাকা ও চট্টগ্রামের চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।