উপজেলা পর্যায়ে স্টেডিয়াম করা হবে
ভারতের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে খেলাধুলার প্রসারে সরকার উপজেলা পর্যায়ে স্টেডিয়াম তৈরি করবে। বঙ্গবন্ধুর ৯২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শনিবার টুঙ্গিপাড়ায় শিশু-কিশোর সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশু-কিশোরেরা দেশ গড়ার কারিগর। সুশিক্ষার পাশাপাশি তাদের সংস্কৃতিবান ও ক্রীড়াপ্রেমিক করে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।