উপজেলা পর্যায়েও দরকার নির্যাতিত নারীর সেবাদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধে নেওয়া বেশির ভাগ কার্যক্রম বিভাগীয় ও জেলা শহরকেন্দ্রিক। উপজেলা কিংবা প্রত্যন্ত অঞ্চলে নির্যাতিত নারীর সেবাদানে সরকারি পর্যায়ে নেই কোনো ব্যবস্থা। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র (বিপিএটিসি) আয়োজিত ম্যাট-২ কর্মশালার ২৯তম ব্যাচের টিম ‘এ’-এর সদস্যরা ‘মেকিং উপজেলা হেলথ কমপ্লেক্স মোর রেসপনসিভ টু ভিকটিমস অব ভায়োলেন্স অ্যাগেইনস্ট ওমেন: এ মডেল পাইলট ইন টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ’ শীর্ষক একটি পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (পিআইপি) বাস্তবায়ন করেছে এ উদ্দেশ্যেই। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ডাচ্-বাংলা ব্যাংকের সহায়তায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পিআইপির আওতায় টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নির্যাতিত নারীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও অন্যান্য সেবা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ‘নির্যাতিত নারীরা যেন চিকিৎসাসেবা নেওয়ার পাশাপাশি আইনি সহায়তা পান সে জন্য টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত ওসিসির মধ্যে একটি সমন্বিত নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও কার্যকর করা, নির্যাতনের শিকার নারীদের মানসম্মত সেবাদান নিশ্চিত করা, নন-রিপোর্টিং ভিকটিম চিহ্নিতকরণ ও তাদের সেবাদানে চিকিৎসক ও সেবিকাদের সক্ষমতা বৃদ্ধি, নির্বাচিত দুটি ইউনিয়নে প্রাইভেট চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধি—এসব লক্ষ্য সামনে রেখে এ প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে বলে জানান টিম ‘এ’-এর প্রধান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে এ কার্যক্রম ব্যাপক সাড়া পেয়েছে এবং এরই ধারাবাহিকতায় আগামী বছর থেকে বৃহত্তর পাইলটিং এবং পর্যায়ক্রমে প্রকল্প রেপ্লিকেশনের জন্য সরকারের কাছে তাঁরা সুপারিশ করবেন।সম্প্রতি এ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমাবেশ ও প্রচারণার আয়োজন করা হয়। নির্যাতিত নারীদের জন্য সেদিন এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা সেবাদানকক্ষ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম এ-র সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।