উপজেলা ভাইস চেয়ারম্যান বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ি যাওয়ার বিকল্প রাস্তা তৈরি করতে পৌরসভা কর্তৃপক্ষের তোড়জোড়ের শেষ নেই। দুই পুকুরের মাঝের রাস্তার পাড় বেঁধে গাইড ওয়াল বসিয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ। মাত্র ২৫ মিটারের এই রাস্তায় ব্যয় হচ্ছে আড়াই লাখ টাকা।ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন নবী কালু। কোর্টপাড়া এলাকায় তাঁর বাড়ি। এখানে বাস করেন তিনি ও তাঁর ভাইয়েরা। ওই পাড়ার বাসিন্দারা চলাচল করেন হলবাজার এলাকার পাকা রাস্তা দিয়ে। কালু ও তাঁর পরিবারের লোকজনও তাঁদের বাড়ির পূর্ব পাশের ওই রাস্তাই ব্যবহার করেন। তবে বাড়ির পশ্চিমে রয়েছে তাঁর নিজস্ব দুটি পুকুর। পুকুরের পশ্চিমে পানি উন্নয়ন বোর্ডের কলোনি। এই কলোনির পাশ দিয়ে পুকুরের পাড় ঘেঁষে একটি পথ গিয়ে মিশেছে শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কে। কলোনির সীমানা থেকে কালুর বাড়ি পর্যন্ত দূরত্ব ২৫ মিটার।এলাকাবাসী সূত্রে জানা যায়, কালুর পরিবার বিকল্প পথ তৈরি করতে দুই পুকুরের মাঝের রাস্তার পাড় মাটি দিয়ে চওড়া করে রাস্তা তৈরি করে নিয়েছেন। পূর্ব পাশে পাকা রাস্তা থাকা সত্ত্বেও পশ্চিম পাশের এই রাস্তা পাকা করতে ব্যবহার করছেন সরকারি অর্থ। ১৯৯৫ সালের দিকে কালুর ভাই খায়রুল ইসলাম পৌরসভার কমিশনার থাকাকালে এই রাস্তায় পৌরসভার টাকায় ইট বিছানোর কাজ করেন। কিন্তু দুই পুকুরের পানির চাপে তা ধসে পড়ে।এবার কালু ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ওই রাস্তার জন্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করান। এই টাকা দিয়ে পুকুরের পাড় বেঁধে শক্ত গাইড ওয়াল তৈরি করে রাস্তা বানানো হচ্ছে। রাস্তার এক প্রান্তে তৈরি করা হচ্ছে বসার বেঞ্চ। দুই পুকুরের মাঝে বসে সময় কাটানোর জন্য এই ব্যবস্থা। নাম প্রকাশ না করার শর্তে ওই ওয়ার্ডের এক বাসিন্দা জানান, গোটা পাড়ার মানুষ ভাইস চেয়ারম্যানের বাড়ির পূর্ব পাশের রাস্তা দিয়ে চলাচল করে। সেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেটা সংস্কার না করে পৌরসভা কর্তৃপক্ষ একজনের জন্য নতুন করে এই রাস্তা তৈরি করছে। এই রাস্তার ঠিকাদার নির্বাচন করা হয়েছে ভাইস চেয়ারম্যান কালুর ভাই খায়রুল ইসলামকে।তবে খায়রুল ইসলাম বলেন, ‘রাস্তার কাজ করছেন শহরের ঠিকাদার আনোয়ারুল কবির। আমি দেখাশোনা করছি মাত্র।’ অবশ্য আনোয়ারুল কবির বলেন, ‘আমি কাজ সম্পর্কে বিস্তারিত কিছু জানি না। আমার লাইসেন্স ব্যবহার করছে মুকুল, কাজটিও তিনি করছেন।’ এ ব্যাপারে শৈলকুপা পৌরসভার মেয়র খলিলুর রহমান বলেন, ‘রাস্তাটি এর আগে ভাইস চেয়ারম্যান কালুর ভাই মুকুল কমিশনার থাকার সময় একবার হয়েছিল। কিন্তু পুকুরের পানিতে সেটা ভেসে যায়। এবার পৌরসভা এটা করে দিচ্ছে। তাঁদের বাড়ির পূর্ব পাশে রাস্তা থাকলেও তাঁরা এই রাস্তাটি ব্যবহার করেন।’ভাইস চেয়ারম্যান জাহিদুন নবী কালু বলেন, ‘রাস্তাটি আমাদের যাতায়াতের জন্য প্রয়োজন। তা ছাড়া এখানে আগে রাস্তা ছিল, তাই পৌরসভাকে অনুরোধ করে রাস্তাটি করাচ্ছি। রাস্তাটি পাকা হলে আমার একার নয়, ওই এলাকার অনেকের উপকার হবে।’এলজিইডির কালীগঞ্জ উপজেলার প্রকৌশলী শিব শংকর সাহা বলেন, ‘আড়াই লাখ টাকা দিয়ে ১০০ মিটার রাস্তা নতুন করে নির্মাণ করা সম্ভব।’