১৩০ চেয়ারম্যান গাড়ি পেলেন
উপজেলা শক্তিশালী করতে চাইলে সাংসদদের উপদেষ্টা রাখা যাবে না
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, উপজেলা পরিষদকে শক্তিশালী করতে চাইলে সাংসদদের উপদেষ্টা রাখা যাবে না। কিন্তু কাজটি কঠিন, কারণ সংসদে উপজেলার প্রশ্নে কোনো বিরোধী দল নেই।গতকাল বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি বরাদ্দের লটারি অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে চান। সে জন্য আইন সংশোধনের নির্দেশনাও দিয়েছেন। কিন্তু সাংসদের বুঝিয়ে-সুঝিয়ে কাজটি করতে সময় লাগছে। প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কাজে লাগিয়ে হলেও স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন সংশোধনের উদ্যোগ নিতে বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাংসদদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, এই চিন্তা করে তা করা হয়নি। তবে আগামী চার বছরের মধ্যে স্থানীয় সরকার তথা উপজেলা ব্যবস্থা শক্তিশালী করা হবে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) অশোক মাধব রায় জানান, যেসব উপজেলা চেয়ারম্যান প্রথম দফায় গাড়ির জন্য লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন, তাঁদের চিঠি দিয়ে গাড়ি নেওয়ার সময় জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, এ মাসে ১৩০ জনকে এবং আগামী মাস থেকে প্রতি মাসে ৭০ জনকে গাড়ি দেওয়া হবে।লটারি পরিচালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ৪৮১টি উপজেলার জন্য লটারি করা হয়। লটারির ক্রম অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদের গাড়ি দেওয়া হবে। যেসব উপজেলা প্রথম দফায় গাড়ি পাচ্ছে: যশোর সদর, কেশবপুর, চৌগাছা; সাতক্ষীরার কালীগঞ্জ, আশাশুনি, দেবহাটা; মাগুরার শ্রীপুর, খুলনার দাকোপ, তেরখাদা; কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, পাকুন্দিয়া; ঠাকুরগাঁও সদর, নোয়াখালী সদর, ঝিনাইদহ সদর, শেরপুরের ঝিনাইগাতি, বাগেরহাটের ফকিরহাট, শরণখোলা; নরসিংদীর পলাশ, পটুয়াখালীর বাউফল, রংপুরের মিঠাপুকুর, পীরগাছা, তারাগঞ্জ; শরীয়তপুরের জাজিরা, নারায়ণগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, সিরাজগঞ্জের বেলকুচি, নীলফামারী সদর, ডিমলা; কুমিল্লার দাউদকান্দি, চৌদ্দগ্রাম, মুরাদনগর; কক্সবাজারের কুতুবদিয়া, বগুড়ার শেরপুর, সিলেটের বিয়ানীবাজার, কানাইঘাট; মানিকগঞ্জ সদর, জামালপুরের মেলান্দহ, চাঁদপুরের মতলব (দক্ষিণ), পাবনার ভাঙ্গুড়া, ভোলা সদর, বান্দরবান সদর, জয়পুরহাটের পাঁচবিবি, হবিগঞ্জের লাখাই, সুনামগঞ্জের দিরাই, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, পিরোজপুরের নেছারাবাদ, বরগুনার বেতাগী, সিলেটের কোম্পানীগঞ্জ, কুড়িগ্রামের নাগেশ্বরী, চিলমারী; ফরিদপুর সদর, ঝিনাইদহের শৈলকুপা, চাঁদপুরের ফরিদগঞ্জ, নওগাঁর নিয়ামতপুর, খুলনার পাইকগাছা, চুয়াডাঙ্গার দামুড়হুদা, নাটোরের বড়াইগ্রাম, বান্দরবানের লামা, সিরাজগঞ্জের উল্লাপাড়া, কুমিল্লার হোমনা, বান্দরবানের নাইক্ষংছড়ি, মাগুরার শালিখা, পিরোজপুরের ভাণ্ডারিয়া, পঞ্চগড়ের তেঁতুলিয়া, সিলেটের বিশ্বনাথ, ভোলার মনপুরা, চট্টগ্রামের হাটহাজারী, বাগেরহাটের মোল্লাহাট, পিরোজপুরের নাজিরপুর, শেরপুরের নকলা, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর, নরসিংদী সদর, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, নীলফামারীর ডোমার, ময়মনসিংহের গৌরীপুর, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাঙামাটির রাজস্থলী, কক্সবাজারের পেকুয়া, ফরিদপুরের সালথা, চট্টগ্রামের লোহাগাড়া, সিরাজগঞ্জের রায়গঞ্জ, গোপালগঞ্জ সদর, মাগুরা সদর, কুমিল্লা সদর, কিশোরগঞ্জের নিকলী, ঢাকা জেলার সাভার, রাজশাহীর গোদাগাড়ী, মেহেরপুর সদর, নওগাঁর পত্নীতলা, কুড়িগ্রামের উলিপুর, কিশোরগঞ্জের মিঠামইন, বান্দরবানের রোয়াংছড়ি, কুড়িগ্রামের রাজারহাট, পঞ্চগড়ের বোদা, চট্টগ্রামের চন্দনাইশ, কিশোরগঞ্জের কুলিয়ারচর, কুষ্টিয়ার কুমারখালী, সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বগুড়ার দুপচাঁচিয়া, নেত্রকোনার দুর্গাপুর, গাজীপুরের শ্রীপুর, কাপাসিয়া; জয়পুরহাটের ক্ষেতলাল, চাঁদপুর সদর, পাবনা সদর, কুড়িগ্রাম সদর, মাদারীপুরের কালকিনি, মুন্সিগঞ্জের গজারিয়া, মৌলভীবাজারের জুড়ী, শেরপুরের সদর, নালিতাবাড়ী; খুলনার রূপসা, ঝালকাঠি সদর, বগুড়ার শিবগঞ্জ, দিনাজপুরের বীরগঞ্জ, মৌলভীবাজারের কমলগঞ্জ, সিলেট সদর, চাঁদপুরের হাইমচর, শরীয়তপুরের ডামুড্যা, নড়াইলের কালিয়া, জামালপুরের ইসলামপুর এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা।