সংসদে প্রশ্নোত্তরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী
উপজেলাওয়ারি রাজাকারদের নাম তালিকা করে টাঙানো হবে
স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আলশামসদের উপজেলাওয়ারি তালিকা করা হবে। তালিকা করার পর উপজেলা পর্যায়ে উন্মুক্ত স্থানে তাদের নাম টাঙিয়ে দেওয়া হবে, যাতে নতুন প্রজন্ম জানতে পারে তার নিজের এলাকায় কারা স্বাধীনতাবিরোধী ছিল।গতকাল রোববার জাতীয় সংসদে জুনায়েদ আহমেদ পলকের সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, রাজাকারদের তালিকা প্রণয়নের দাবি অনেক দিনের। বর্তমান সরকার এ জনদাবির প্রতি সমর্থন দিয়ে এই তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণস্থলে ওই ভাষণের রেপ্লিকা স্থাপন করে সংরক্ষণ করা হবে। আত্মসমর্পণের টেবিলটি দর্শনযোগ্য গ্লাস দিয়ে আবৃত করে সংরক্ষণ করা হবে।ক্যু-অভ্যুত্থানের সব তথ্য প্রকাশ করা যেতে পারে: স্বাধীনতার পর সংঘটিত ক্যু-অভ্যুত্থানের সব তথ্য পূর্ণাঙ্গ তালিকা আকারে ‘প্রয়োজনে’ প্রকাশ করা যেতে পারে বলে জানিয়েছেন সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার। নওগাঁর সাংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনীতে বিভিন্ন সময় ছোট-বড় আকারে কয়েকটি ক্যু-অভ্যুত্থান-বিদ্রোহ সংঘটিত হয়। এসব বিদ্রোহে বেশ কিছু ব্যক্তিকে প্রাণ বিসর্জন দিতে হয়। দেশ ও সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী বিভিন্ন সময় এসব ব্যক্তির নিকটাত্মীয়দের পুনর্বাসন, আর্থিক অনুদান, সাহায্য দেওয়া হয়।মন্ত্রী বলেন, বিভিন্ন সময় সংঘটিত এসব বিদ্রোহে সম্পৃক্ত থাকায় অনেককে শাস্তি দেওয়া হয় এবং বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে পুনর্বাসন, শাস্তি বা দণ্ডাদেশ প্রক্রিয়া হয়। তিনি বলেন, এসব তথ্য একত্র করা একটি সময়সাপেক্ষ ব্যাপার। প্রয়োজন হলে ভবিষ্যতে এসব তথ্য পূর্ণাঙ্গ তালিকা আকারে প্রকাশ করা যেতে পারে।নৌবাহিনীর বিষয়ে মন্ত্রী বলেন, তবে ৭ নভেম্বর ১৯৭৫ সালে তখনকার বিরাজমান পরিস্থিতির সুযোগে নৌবাহিনীর কিছুসংখ্যক স্বার্থান্বেষী নাবিক ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে শুধু চট্টগ্রাম ও খুলনায় সীমিতসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাত্ক্ষণিক একজন কর্মকর্তার প্রাণহানি ঘটে। বিমানবাহিনীর বিষয়ে তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর বিমানবাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্য ঢাকা এলাকায় বিদ্রোহে অংশ নিয়েছিলেন। জড়িতদের চিহ্নিত করে বিদ্রোহে অংশগ্রহণের দায়ে বিমানবাহিনী অ্যাক্ট, ১৯৫৩-এর অধীনে ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তাঁদের বিচার করা হয়েছিল। এ কোর্ট মার্শালের বিচারে তাঁরা দোষী সাব্যস্ত হওয়ায় চাকরিচ্যুতিসহ বিভিন্ন মেয়াদে তাঁদের সাজা হয়। ১৯৭৭ সালের ২ অক্টোবরও কিছু উচ্ছৃঙ্খল বিমানসেনা ও এমওডিসি বিমানবাহিনীতে বিদ্রোহ করে ১১ জন নিরীহ কর্মকর্তাকে হত্যা ও কয়েকজনকে গুরুতর জখম করেন।কৃষকদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে: জাতীয় পার্টির সালমা ইসলামের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কৃষকদের কৃষি উপকরণ সহায়তা দিতে সারা দেশে এক কোটি ৮২ লাখ পরিবারকে কৃষক পরিচয়পত্র দেওয়া হচ্ছে। এ কার্ডে কৃষক পরিচিতি নম্বর, ঠিকানা, আবাদি জমির পরিমাণ ইত্যাদি দেওয়া আছে। এ পরিচয়পত্রের মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ সহায়তা বা নগদ অর্থ দেওয়া হবে।মন্ত্রী বলেন, ডিজেল কিনতে কৃষকদের আর্থিক সহায়তা দিতে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে তাঁদের ব্যাংক হিসাবের মাধ্যমে ৭৪৮ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা দেওয়া হচ্ছে। এ জন্য কৃষকেরা এখন মাত্র ১০ টাকা দিয়েই ব্যাংক হিসাব খুলতে পারেন।