সংসদীয় কমিটিতে মন্ত্রণালয়ের তথ্য
উপজেলাগুলোর খেলার মাঠ সংস্কারে ২৭ কোটি টাকার প্রকল্প
দেশের প্রতিটি উপজেলার খেলার মাঠ সংস্কারের জন্য সরকার ২৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। দেশের ৪৮০টি উপজেলার অন্তত একটি করে মাঠ এ সংস্কারের আওতায় আসবে। মূলত ক্রিকেট ও ফুটবল মাঠের জন্য এ টাকা বরাদ্দ করা হবে।আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাহিদ আহসান। সভায় আগামী ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশে ক্রীড়া ক্ষেত্রে তরুণদের আগ্রহ বাড়াতে সারা দেশে খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দফায় ২৭ কোটি টাকা বরাদ্দ করা হলেও পরে তা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়ে এ বরাদ্দ দিয়েছেন বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি জাহিদ আহসান সাংবাদিকদের বলেন, কমিটির পক্ষ থেকে মাঠ সংস্কারের এ প্রকল্পের বরাদ্দ করা টাকা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কারণ দেশের সব উপজেলার জন্য বরাদ্দ করা টাকা পর্যাপ্ত নয়। প্রতিটি উপজেলার জন্য এখন মাত্র পাঁচ লাখ টাকা বরাদ্দ থাকে।সভায় বাস্কেটবল ফেডারেশনের কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় আবাহনী মাঠের সমস্ত জায়গা আবাহনী ক্লাবের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ওই মাঠের জায়গা আবাহনীর কাছে হস্তান্তরিত না হওয়া পর্যন্ত ওখানে বাস্কেটবল ফেডারেশনের কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়।