প্রস্তাবিত সংশোধনী আজ মন্ত্রিসভায় উঠছে। চেয়ারম্যানের ক্ষমতা খর্ব!
উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইউএনও
উপজেলা আইনের সংশোধনী এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ক্ষমতা বাড়ানো হচ্ছে। প্রস্তাবিত সংশোধনীটি অনুমোদনের জন্য আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। সংশোধনীটি অনুমোদন এবং সংসদে তা পাস হলে উপজেলা চেয়ারম্যানের চেয়েও ইউএনও ক্ষমতাবান হবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।সূত্র জানায়, প্রস্তাবিত সংশোধনী আইনে ইউএনওর ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে, ‘উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করিবেন।’ সংশোধনীতে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে, ‘এ আইন বা বিধিতে ভিন্নরূপ বিধান না থাকিলে পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের ওপর ন্যস্ত হইবে। তবে পরিষদ ইহার সকল বা যেকোনো নির্বাহী ক্ষমতা প্রয়োগ করিবার জন্য কোনো ভাইস চেয়ারম্যান বা সদস্য বা কোনো কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করিতে পারিবে।’ সংশোধনীতে চেয়ারম্যানকে পরিষদের নির্বাহী ক্ষমতা দেওয়া হলেও ইউএনওকে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা করে প্রকারান্তরে চেয়ারম্যানের চেয়ে বেশি ক্ষমতাবান করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।২০০৯ সালের জুন মাসে পাস হওয়া উপজেলা আইনের ৩৩ ধারায় ইউএনওর ক্ষমতা সম্পর্কে বলা আছে, ‘উপজেলা নির্বাহী অফিসার পরিষদের সচিব হইবেন এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করিবেন।’ আইনটি সংশোধন করে ইউএনওকে উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে উপজেলা আইনের ২৬ (২) ধারায় চেয়ারম্যানের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে, ‘পরিষদের নির্বাহী ক্ষমতা পরিষদের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য বা অন্য কোনো কর্মকর্তার মাধ্যমে প্রযুক্ত হইবে।’ প্রস্তাবিত সংশোধনীতেও চেয়ারম্যানকে নির্বাহী ক্ষমতা দেওয়ার কথা বলে ভাষাগত কিছুটা পরিবর্তন আনা হয়েছে।ভাইস চেয়ারম্যান স্থায়ী কমিটির সভাপতি হবেন: প্রস্তাবিত সংশোধনীতে ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি করার প্রস্তাব করা হয়েছে। আইনে উপজেলা পরিষদে যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন, কৃষি ও সেচ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, যুব ও ক্রীড়ার উন্নয়ন, মহিলা ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ, মৎস্য ও প্রাণিসম্পদ, পল্লী উন্নয়ন ও সমবায়, অর্থ, বাজেট, পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরণ, জনস্বাস্থ্য, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহবিষয়ক স্থায়ী কমিটি গঠন করার বিধান আছে। সংশোধনীতে বলা হয়েছে, স্থায়ী কমিটির সভাপতি কো-অপ্ট সদস্য ব্যতীত পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের মধ্য থেকে নির্বাচন করতে হবে। এ ছাড়া নারীদের জন্য সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সদস্যরা অন্যূন এক-তৃতীয়াংশ স্থায়ী কমিটির সভাপতি করতে হবে।চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে বরখাস্ত করা যাবে: সূত্র জানায়, সংশোধনীতে আইনের বিধানাবলি সাপেক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে বরখাস্ত এবং তাঁদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিধান রাখা হয়েছে। বর্তমান আইনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে বরখাস্ত এবং অনাস্থা প্রস্তাবের বিধান নেই। তবে উল্লিখিতদের বরখাস্ত প্রত্যাহার বা রদ হলে স্বপদে বাকি সময়ের জন্য তাঁরা বহাল হতে পারবেন।যুদ্ধাপরাধী চেয়ারম্যান পদে অযোগ্য: সূত্র জানায়, জাতীয় বা আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক যুদ্ধাপরাধী বিবেচিত হলে চেয়ারম্যান পদের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অযোগ্য হবেন। আদালত ফেরারি আসামি ঘোষণা করলেও সংশ্লিষ্ট ব্যক্তি চেয়ারম্যান পদের জন্য অযোগ্য হবেন। সংশোধনীতে উপজেলা চেয়ারম্যান বা তাঁর পরিবারের সদস্য সংশ্লিষ্ট উপজেলায় ঠিকাদারি ব্যবসায় যুক্ত থাকলে বা উপজেলায় কোনো আর্থিক স্বার্থ থাকলে, তাঁর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তা ছাড়া চেয়ারম্যান প্রজাতন্ত্রের বা পরিষদের অথবা কোনো স্থানীয় কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত থাকতে পারবেন না। নাগরিক সনদ প্রকাশ: প্রস্তাবিত সংশোধনীতে প্রতিটি উপজেলায় নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন প্রকার নাগরিক সেবা দেওয়ার বিবরণ, সেবা প্রদানের শর্তসমূহ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার বিবরণ প্রকাশ করার কথা বলা হয়েছে, যা আইনে ‘নাগরিক সনদ’ হিসেবে তা উল্লেখ আছে।সংশোধনীতে দেশের যেকোনো নাগরিককে উপজেলার তথ্য প্রাপ্তির অধিকার দেওয়া হয়েছে। তা ছাড়া উপজেলায় উন্নততর তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সুশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।