উপজেলায় সাংসদ ও আমলাদের কর্তৃত্ব বৃদ্ধি প্রতিশ্রুতির খেলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতা দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হেয় করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।গতকাল রোববার রাজধানীর মুক্তাঙ্গনে ১০ দফা দাবি আদায়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অনশন কর্মসূচিতে এ কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক—সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ।উপজেলাব্যবস্থা থেকে উপদেষ্টার পদ বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করা বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। কিন্তু উপজেলায় সাংসদ ও আমলাদের কর্তৃত্ব বাড়িয়ে সরকার প্রতিশ্রুতির খেলাপ করেছে। স্থানীয় উন্নয়নের স্বার্থেই উপজেলায় কোনো উপদেষ্টা রাখা যাবে না। বন্ধ করতে হবে সাংসদদের খবরদারি।১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল মুক্তাঙ্গনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা বেলা ১১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করেন। উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ আয়োজিত কর্মসূচিতে অংশ নেন সংগঠনের আহ্বায়ক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান আবদুল মজিদ, মানিকগঞ্জ সদরের চেয়ারম্যান আতাউর রহমান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আফজাল হোসেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান, নাটোরের সিংড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরাসহ প্রায় অর্ধশত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। তাঁদের উল্লেখযোগ্য দাবি হলো, উপজেলা পরিষদের উপদেষ্টার পদ বাতিল করা, পরিষদের প্রধান নির্বাহী হিসেবে চেয়ারম্যানদের ক্ষমতা প্রয়োগে কোনো আইনি বাধা না রাখা, চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যানের ওপর দায়িত্ব দেওয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব শুধু সচিব হিসেবে সীমাবদ্ধ রাখা ইত্যাদি।বিকেলে অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও অন্য নেতাদের উপস্থিতিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অনশন ভঙ্গ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যানদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সাংসদ রাশেদ খান মেনন বলেন, স্থানীয় উন্নয়নে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা দিতে হবে এবং আইন সংশোধন করে সাংসদ-আমলাদের কর্তৃত্ব কমাতে হবে।সংসদের বাইরে ও ভেতরে উপজেলা চেয়ারম্যানদের দাবির কথা বলবেন জানিয়ে সাংসদ হাসানুল হক ইনু বলেন, স্থানীয় সরকারের কাজ সাংসদেরা করতে পারেন না। তাঁদের কাজ আইন প্রণয়ন করা। উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত প্রতিনিধিদের ওপর অনির্বাচিত ব্যক্তিরা খবরদারি করতে পারেন না। দেশের উন্নয়নের স্বার্থে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা বাড়াতে হবে। সে জন্য আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এমপিতন্ত্র ও আমলাতন্ত্র দিয়ে দেশের স্থানীয় সরকারব্যবস্থাকে হত্যা করা হয়েছে। এমনটা চলতে পারে না। দেশের প্রয়োজনেই স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।