ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই প্রায় ছয় বছর ধরে। তাই একাধিক উপদলে বিভক্ত হয়ে পড়েছে দলটি। দলের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এভাবে একটি দল চলতে পারে না। দলের জেলা শাখার সর্বশেষ সম্মেলন হয় ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর। এতে আবদুল হাই সভাপতি আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে একাধিকবার উদ্যোগ নিয়েও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, সভাপতি আবদুল হাই শৈলকুপার বাসিন্দা এবং শৈলকুপা থেকে নির্বাচিত সাংসদ। নিজ এলাকায় তিনি বেশির ভাগ সময় কাটান। সাধারণ সম্পাদক আজিজুর রহমান সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এলেও অন্য নেতারা আসেন না বললেই চলে। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের দলীয় সাংসদ শফিকুল আজম খান পছন্দের কিছু নেতা-কর্মী সঙ্গে নিয়ে ঘোরেন, যাঁদের অনেকেই দলীয় কর্মী নন। সংরক্ষিত নারী আসনের সাংসদ নূরজাহান বেগম আছেন নিজের পক্ষের কিছু নেতা-কর্মী নিয়ে। অপর একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতা কনককান্তি দাস। তাঁর সঙ্গে আছেন সদর শাখার সভাপতি আবদুল ওয়াহেদ জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক জে কে এম আবদুর রশিদ।ঝিনাইদহ পৌরসভার মেয়র আওয়ামী লীগের নেতা সাইদুল করিমের সঙ্গেও আছেন বেশ কিছু নেতা-কর্মী।জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহমুদুল ইসলাম জানান, ‘জেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসন্ন। কোন্দল প্রকট থাকায় সবগুলো ইউনিয়নে দলের সমর্থক একাধিক ব্যক্তি চেয়ারম্যান পদে অংশ নিতে যাচ্ছেন।’ তিনি বলেন, দলে যে কতগুলো উপদল, তার হিসাব করা কঠিন।জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী জোয়ার্দ্দার বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি না থাকায় কে দলের কোন পর্যায়ের নেতা, তা স্পষ্ট নয়। এ অবস্থায় দল সঠিকভাবে চলতে পারে না।’দলের নেতারা জানান, অধিকাংশ জায়গায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আর সাংসদের মধ্যে দ্বন্দ্ব দলকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতা মইজ উদ্দিন হামিদের সঙ্গে বিরোধ রয়েছে স্থানীয় সাংসদ শফিকুল আজম খানের। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুজ জুম্মা চৌধুরীর সঙ্গে রয়েছে সাংসদের বিরোধ। এ বিষয়ে মইজ উদ্দিন বলেন, ‘সাংসদ সবকিছু নিজেদের মতো করে করতে চান, দলীয় নেতা-কর্মীরা তাঁদের কাছে কিছুই না।’ জবাবে সাংসদ শফিকুল আজম প্রথম আলোকে বলেন, ‘মইজ উদ্দিনের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আর সাজ্জাতুজ জুম্মা গত নির্বাচনে দল থেকে মনোনয়ন না পাওয়ায় হয়তো আমার ওপর ক্ষুব্ধ।’ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিমের সঙ্গে স্থানীয় সাংসদ আবদুল মান্নানের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। দলীয় সব অনুষ্ঠান পালিত হয় পৃথকভাবে।শৈলকুপায় সাংসদ আবদুল হাইয়ের সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নায়েব আলী জোয়ার্দ্দারের তীব্র দ্বন্দ্ব। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দলীয় কোন্দলে এ পর্যন্ত এই উপজেলার আট নেতা-কর্মী নিহত হয়েছেন।আবদুল হাই গতকাল প্রথম আলোকে বলেন, তিনি সভাপতি নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রের কাছে দিয়েছিলেন। কমিটি অনুমোদন দেওয়া কেন্দ্রের বিষয়। একই সঙ্গে তিনি দাবি করেন, দলে বিরোধ নেই। আর গত নির্বাচনের পর তাঁর নির্বাচনী এলাকায় রাজনৈতিক সহিংসতায় দলের যে নেতা-কর্মীরা নিহত হয়েছেন, তাঁরা বিরোধী দলের হামলার শিকার।