‘ভাসা ভাসা ও ভুয়া কোনো অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়’
উপদেষ্টা আলাউদ্দিনের মন্তব্যে সরকার বিব্রত
যুদ্ধকালীন মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তে গঠিত সংস্থার প্রধান আবদুল মতীনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা যে অভিযোগ তুলেছেন, তাতে বিব্রত হয়েছে সরকারই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কোনো অভিযোগ পেলে তার সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা নিতে সরকারকে বলতে পারেন। কিন্তু ঢালাওভাবে অভিযোগ করলে তার দায় সরকারের কাঁধেই পড়ে। এ ধরনের মন্তব্য অবশ্যই সরকারের জন্য বিব্রতকর।এ বিষয়ে সরকারের অবস্থান কী, জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভাসা ভাসা ও ভুয়া কোনো অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’ তিনি বলেন, তদন্ত সংস্থার প্রধান খুব নিরীহ, সত্ ও সোজা মানুষ।প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ গত শুক্রবার এক অনুষ্ঠানে অভিযোগ করেন, যুদ্ধকালীন অপরাধ বিচারে গঠিত তদন্ত সংস্থার প্রধান আবদুল মতীন ইসলামী ছাত্রসংঘের কর্মী ছিলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীরা প্রশাসনের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন। তাঁরা প্রতিটি ক্ষেত্রে বাধার সৃষ্টি করছেন। তাঁর এই মন্তব্য গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।প্রসঙ্গত, তদন্ত সংস্থার প্রধান আবদুল মতীন গত ২৫ মার্চ নিয়োগ পান। গতকাল তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্য অস্বীকার করে বিবৃতি দিয়েছেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে তিনি নিজের অবস্থান ব্যাখ্যাও করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, গতকাল সারা দিন বিষয়টি নিয়ে কয়েকজন মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা বলেছেন, যুদ্ধকালীন অপরাধের বিচারের বিষয়টি এমনিতেই স্পর্শকাতর। এই বিষয়ে এ ধরনের ঢালাও মন্তব্য করা সমীচীন হয়নি। আজ মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তদন্ত সংস্থার প্রধান। এ সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব প্রথম আলোকে বলেন, ‘তদন্ত সংস্থার প্রধান ইতিমধ্যেই তাঁর বক্তব্য দিয়েছেন। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’বৈঠক সূত্র জানায়, বিষয়টি জানতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আবদুল মতীনকে মন্ত্রণালয়ে ডেকে পাঠান। আবদুল মতীন বিষয়টি ব্যাখ্যা করে বলেন, কোনো তথ্য-প্রমাণ না দিয়ে তাঁর বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করা হচ্ছে। যদি কারও কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে লিখিত প্রমাণ নিয়ে আসতে পারেন। তিনি বলেন, তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।আবদুল মতীনের বক্তব্য: গতকাল বেলা সাড়ে ১১টায় নিজ দপ্তরে আবদুল মতীন বলেন, ছাত্রজীবন থেকে আজ পর্যন্ত কোনো ছাত্রসংগঠন কিংবা রাজনীতিতে যোগ না দিয়ে নিরপেক্ষভাবে কাজ করে আসছেন তিনি। ১৯৬৩ সালে বরিশাল বিএম কলেজ সংসদের ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি জানান, ওই সময় বরিশালে ইসলামী ছাত্রসংঘ নামে কোনো সংগঠনই ছিল না। তাই ওই সংগঠন থেকে মনোনয়ন নেওয়ার প্রশ্নই আসে না।নিজের শিক্ষাজীবন তুলে ধরে তদন্ত সংস্থার প্রধান সাংবাদিকদের বলেন, ১৯৬০ সালে তিনি বিএম স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ’৬২ সালে বিএম কলেজ থেকে আইএ এবং ’৬৪ সালে একই কলেজ থেকে বিএ পাসের পর ’৬৫ সালে ঢাকার সিটি ল কলেজে ভর্তি হন। সেখানেও তিনি কোনো ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে জানান। এরপর ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাসের পর ’৭১ সালের শেষ দিকে মুন্সেফ হিসেবে যোগ দেন।মুক্তিযুদ্ধের সময় চাকরিতে যোগ দেওয়া প্রসঙ্গে তদন্ত সংস্থার প্রধান বলেন, পরিবার ও নিজের স্বার্থে চাকরিতে যোগ দিয়েছেন।পদত্যাগ করবেন কি না, এ প্রশ্নের জবাবে মতীন বলেন, ‘সরকার নিয়োগ দিয়েছেন। সরকারের নির্দেশে কাজ করছি।’উপদেষ্টা আলাউদ্দিন যা বলেন: শুক্রবারের দেওয়া বক্তব্য থেকে অনেকটা সরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। শুক্রবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, তদন্ত সংস্থার প্রধান ইসলামী ছাত্রসংঘের কর্মী ছিলেন।গতকাল আবদুল মতীন এ অভিযোগ অস্বীকার করার পর উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, একটি গোলটেবিল বৈঠকে জাতীয় কয়েকজন বক্তা তদন্ত সংস্থার প্রধানের বিরুদ্ধে ইসলামী ছাত্রসংঘে সম্পৃক্ততার অভিযোগ করেন। উপদেষ্টা ব্যাখ্যা দিয়ে আরও বলেন, পুরো অনুষ্ঠানের সমাপনী টানতে গিয়ে তিনি বলেন, ‘অভিযোগ সত্য হলে এটা মারাত্মক ঘটনা। বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে জানাব, প্রয়োজনে তদন্ত হবে।’আলাউদ্দিন আহমেদ শুক্রবার আরও বলেছিলেন, আবদুল মতীন ইসলামী ছাত্রসংঘের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মতো একজন ব্যক্তিকে তদন্ত সংস্থার প্রধান করায় বিচারের অবস্থা কী দাঁড়াবে, তা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। ওই দিন তিনি জাতীয় পার্টির নেতা শেখ শহীদুল ইসলামকে উদ্ধৃত করে এ কথা বলেছিলেন।গতকাল এ বিষয়ে আলাউদ্দিন আহমেদ বলেন, ‘আবদুল মতীন একাত্তরের ২৭ অক্টোবর সরকারি চাকরিতে যোগ দেন। মুক্তিযুদ্ধকালে অনেক সরকারি কর্মকর্তা চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। অথচ তিনি মুক্তিযুদ্ধের শেষ দিকে সরকারি চাকরিতে যোগ দেন। তাহলে তাঁকে কলাবরেটর (পাকিস্তান সরকারের সহায়তাকারী) বললে কি দোষ হবে?’গতকাল প্রথম আলোর পক্ষ থেকে শেখ শহীদুল ইসলামকে প্রশ্ন করা হয়, মতীনের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে কোনো তথ্য-প্রমাণ আছে কি না। তিনি বলেন, তাঁর সহপাঠীদের বললেই সব জানা যাবে। তিনি অবশ্য কোনো সহপাঠীর নাম বলতে পারেননি।