উপদেষ্টা মোদাচ্ছেরের আচরণ অস্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর মাঝেমধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখায় যাতায়াত এবং হল-মার্ক কেলেঙ্কারির নায়ক তানভীর মাহমুদের সঙ্গে তাঁর অন্তরঙ্গতাকে অস্বাভাবিক ও অবাঞ্ছিত বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি। গতকাল বুধবার মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ শেষে উপকমিটির আহ্বায়ক তাজুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। হল-মার্ক কেলেঙ্কারির ঘটনা তদন্তের অংশ হিসেবে সংসদীয় উপকমিটি গতকাল বেলা সোয়া ১১টা থেকে একটা পর্যন্ত প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করে। এতে সোনালী ব্যাংকে যাতায়াতের কারণ সম্পর্কে তিনি কমিটিকে যেসব তথ্য দিয়েছেন, তার সঙ্গে উপদেষ্টার আগের বক্তব্যের কিছুটা অমিল রয়েছে বলে সূত্র জানায়। জানতে চাইলে মোদাচ্ছের আলী প্রথম আলোকে বলেন, ‘যা বলার, তা কমিটিকে বলেছি। আপনারা কমিটিকে জিজ্ঞেস করেন। আমি কিছুই বলব না।’ বিকেলে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানান, উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, তিনি ‘মাঝেমধ্যে’ কিংবা বলা যায় ‘বেশ কয়েকবার’ সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় গিয়েছেন। কিন্তু কমিটি মনে করে, তাঁর এ যাতায়াত অস্বাভাবিক এবং তা বাঞ্ছনীয় নয়। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, বৈঠকে উপদেষ্টা বলেছেন, রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক কে এম আজিজুর রহমান তাঁর দূর সম্পর্কের আত্মীয়। তাঁর অনুরোধে ওই শাখায় তিনি একটি ব্যাংক হিসাব খোলেন। সে জন্য সেখানে তিনি যাতায়াত করতেন। এ ছাড়া রূপসী বাংলা হোটেলে কোনো অনুষ্ঠানে গেলেও তিনি সোনালী ব্যাংকের ওই শাখায় যেতেন। তাজুল ইসলাম জানান, উপদেষ্টার তথ্য অনুযায়ী, আজিজুর রহমানের অনুরোধেই মোদাচ্ছের আলী হল-মার্ক গ্রুপের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন। ওই সময় শাখা ব্যবস্থাপক উপদেষ্টাকে বলেছেন, হল-মার্ক গ্রুপ অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। উপদেষ্টা সেখানে গেলে কর্মীরা উৎসাহ পাবেন। হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জড়িত কি না—জানতে চাইলে কমিটির আহ্বায়ক বলেন, কে জড়িত আর কে জড়িত নয়, সেটা কমিটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করবে। এ বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। উপদেষ্টার আগের বক্তব্য: সোনালী ব্যাংকে যাতায়াতের কারণ সম্পর্কে গত ৩০ আগস্ট উপদেষ্টা মোদাচ্ছের আলী প্রথম আলোকে বলেছিলেন, ‘রূপসী বাংলা শাখায় আমার এলাকার একটি মেয়েসহ কয়েকজন চাকরি করে। আমি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’ তিনি আরও বলেছিলেন, ‘ওই মেয়ের বাড়ি আমার এলাকায়। আমি কোনো প্রভাব তৈরি করলে তার নাম তদন্তে আসত। কিন্তু খুঁজে দেখেন তার নাম তদন্তে নেই।’ দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তিনি একই রকম বক্তব্য দিয়েছেন বলে সূত্র জানায়।তবে শেষ পর্যন্ত দুদকের তদন্তে সোনালী ব্যাংকের ওই নারী কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন এবং দুদক তাঁর নামে মামলাও করেছে। এ ছাড়া গতকাল দেওয়া সংসদীয় উপকমিটির আহ্বায়কের ভাষ্য অনুযায়ী, শুধু ব্যাংক হিসাব থাকার কারণে উপদেষ্টা সোনালী ব্যাংকে যাতায়াত করতেন। গতকালের বৈঠকে উপকমিটির আহ্বায়ক তাজুল ইসলাম ও সদস্য গোলাম দস্তগীর গাজী এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, তদন্ত কমিটি আজ বিকেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।প্রসঙ্গত, হল-মার্ক কেলেঙ্কারি তদন্তে গত ৩ সেপ্টেম্বর সংসদীয় উপকমিটি গঠন করা হয়। এর আগে কমিটির জিজ্ঞাসাবাদে তানভীর মাহমুদ স্বীকার করেন, তিনি অবৈধ পন্থায় সোনালী ব্যাংক থেকে দুই হাজার ৬৬৮ কোটি টাকা ঋণ নিয়েছেন। এদিকে, মোদাচ্ছের আলীর ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন বলেন, সাংঘর্ষিক বক্তব্যের জন্য তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হবে।