উপদেষ্টার অভিযোগ প্রথম আলোর বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী গতকাল মঙ্গলবার একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলো তাঁকে নিয়ে ভুল সংবাদ ছেপেছে বলে দাবি করেছেন। বক্তব্যে তিনি জামালপুরের সরিষাবাড়ীর একটি সংবাদকে ভুল বলে আখ্যা দেন। আরেকটি সংবাদের বিষয়ে তিনি বলেছেন, তিনি যা বলেননি তা ছাপা হয়েছে। এ ছাড়া তিনি প্রথম আলোর নড়াইল প্রতিনিধির বিষয়ে অভিযোগ তোলেন।উপদেষ্টা আরও অভিযোগ করেছেন, প্রথম আলো তাঁর পাঠানো প্রতিবাদ ছাপেনি। অন্যরা তাঁকে বলেছে, প্রথম আলো কখনো প্রতিবাদ ছাপে না, ভুল স্বীকার করে না। যদিও উপদেষ্টার দুটি প্রতিবাদ প্রথম আলোতে ছাপা হয়েছে।স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে এবং পাঠকের কাছে দায়বদ্ধতার কারণে এসব বিষয়ে ঘটনার পরম্পরা তুলে ধরা জরুরি বলে মনে করছে প্রথম আলো। সরিষাবাড়ীর খবর: স্বাস্থ্য উপদেষ্টা গতকাল দাবি করেছেন, জামালপুরের সরিষাবাড়ীতে একটি ঘটনায় প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশিত হয়েছে। ওই বিষয়ে দ্রুত সম্পাদকীয় ছাপা নিয়েই তিনি প্রশ্ন তোলেন। গত ১৭ জুলাই প্রথম আলোর ২১ পৃষ্ঠায় প্রকাশিত ওই খবরের শিরোনাম ছিল ‘মুমূর্ষু প্রসূতির চেয়ে স্বাস্থ্য উপদেষ্টার প্রটোকল বড়!’ বিষয়বস্তু ছিল—মুমূর্ষু একজন প্রসূতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তাঁকে নেওয়ার জন্য হাসপাতালে একমাত্র অ্যাম্বুলেন্সটি চাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর প্রটোকলে ব্যবহূত হচ্ছে। ওই দিন (১৬ জুলাই) তিনি স্থানীয় সাংসদ মুরাদ হাসানের বাবা আওয়ামী লীগের নেতা মতিয়র রহমান তালুকদারের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রথম আলোর প্রতিবেদনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের বক্তব্য ছিল। বলা হয়েছিল—মন্ত্রী পদমর্যাদার কোনো ব্যক্তি জেলার কোথাও এলে সাধারণত তাঁর প্রটোকলে চিকিৎসা দল রাখা হয় না। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা আসবেন বলে জেলার চিকিৎসা কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা দল গঠন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ ওয়াহাবের বক্তব্য ছিল এমন—‘ওই রোগী মুমূর্ষু ছিলেন—এ কথা ঠিক। তাঁকে অ্যাম্বুলেন্স দেওয়া উচিত ছিল। কিন্তু বিষয়টি আমার নিয়ন্ত্রণে ছিল না।’প্রতিবেদনে সিভিল সার্জন আবদুল হাকিমের বক্তব্য ছিল এমন—‘প্রসূতি রোগীর জন্য অ্যাম্বুলেন্স দেওয়া খুবই জরুরি ছিল। কিন্তু রোগীর অবস্থা এতটা সংকটজনক যে, তা আমাকে জানানো হয়নি। তিনি এও বলেছেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার প্রটোকলের চিকিৎসা দলটিও অনেক গুরুত্বপূর্ণ ছিল।’ জেলা প্রশাসক সিরাজউদ্দিন আহমেদের বক্তব্য ছিল—‘মন্ত্রী পদমর্যাদায় কেউ এলে আমরা সাধারণত চিকিৎসা দল রাখি না। শুনেছি, স্বাস্থ্য উপদেষ্টার একজন নিরাপত্তাকর্মী অসুস্থ হয়েছিলেন। এ কারণে চিকিৎসা দল রাখা হয়েছিল।’১৯ জুলাই এ বিষয় নিয়ে লেখা সম্পাদকীয়তে বলা হয়, ঊর্ধ্বতনদের নয়, জনগণকে খুশি করাই প্রশাসনের দায়িত্ব। সম্পাদকীয়তে চিকিৎসা কর্মকর্তাদের অতি-উৎসাহের সমালোচনা করা হয়। কারণ, চিকিৎসকসহ সব কর্মকর্তাই বলেছেন, কোনো রোগীর জীবন রক্ষার মতো জরুরি প্রয়োজন উপেক্ষা করা ঠিক হয়নি। সম্পাদকীয়তে ঘটনাকে দুঃখজনক বলা হয়। উপদেষ্টার কোনো সমালোচনা করা হয়নি। ওই দিনই স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ওই প্রতিবেদন ও সম্পাদকীয় বিষয়ে একটি ব্যাখ্যা পাঠান এবং তা পরদিন ২০ জুলাই প্রথম আলোর ১৯ পৃষ্ঠায় ‘প্রকাশিত সংবাদের ব্যাখ্যা’ শিরোনামে ছাপা হয়। প্রকাশিত ওই ব্যাখ্যায় বলা হয়েছিল, ‘প্রকাশিত সংবাদের মূল চেতনার সঙ্গে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী একমত। সরিষাবাড়ীতে অবস্থানকালে তিনি বা তাঁর সফরসঙ্গীরা প্রটোকলের কাজে কোনো অ্যাম্বুলেন্স দেখেননি।’ ব্যাখ্যায় আরও বলা হয়, পত্রিকার সংবাদ থেকে স্বাস্থ্য উপদেষ্টা বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানান। উপদেষ্টা বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেন। উপদেষ্টা সব সময় এসব অতি-উৎসাহীর ব্যাপারে কঠোর অবস্থান নেন। অযাচিত প্রটোকল ও সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় উপস্থিতিকে এর আগেও কয়েকবার নিরুৎসাহিত করা হয়েছে।এরপর প্রথম আলো উপদেষ্টার নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাজ শেষ হওয়ার খবরও প্রকাশ করে। গত ২২ জুলাই বিশাল বাংলায় (পৃষ্ঠা ৪) ছাপা হয় এ খবর। কিন্তু সিভিল সার্জনের কাছে তদন্ত প্রতিবেদন বা তদন্তে পাওয়া তথ্য চেয়ে পাননি প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি। ফলে ওই ঘটনার বিষয়ে আর কোনো সংবাদ প্রকাশ করা সম্ভব হয়নি। গোপালগঞ্জের খবর: ‘দলীয় কর্মীদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ করা হবে’ শিরোনামে ২১ সেপ্টেম্বর শেষের পাতায় প্রকাশিত খবরে স্বাস্থ্য উপদেষ্টার যে বক্তব্য ছাপা হয়েছিল, তার মূল বিষয় ছিল—এক. কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার হিসেবে দলীয় কর্মীরাই চাকরি পাবে, দুই. কিছু নিতে হলে দলীয় কর্মীদের কাছ থেকে নিয়ে তাদেরকেই চাকরি দিতে হবে। তিন. সবাইকে তথ্য দেওয়া যাবে না।প্রতিবেদনে বলা হয়েছিল—সাড়ে ১৩ হাজার জনকে কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ দেওয়া হবে জানিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সম্মেলনকক্ষে অ্যানথ্রাক্স নিয়ে বিশেষ আলোচনা সভায় স্বাস্থ্য উপদেষ্টা বলেছিলেন, নিয়োগের ক্ষেত্রে সরকারি দলের বাইরে কেউ যাতে সুযোগ না পায়, তা নিশ্চিত করা হবে। এ সংবাদের পরিপ্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর ‘স্বাস্থ্য উপদেষ্টার অভিনব ব্যবস্থাপত্র, স্বাস্থ্যসেবা কার্যক্রমে দলীয়করণ’ শিরোনামে সম্পাদকীয় ছাপা হয়। এতে স্বাস্থ্য উপদেষ্টা কেন তাঁর নির্ধারিত সীমা অতিক্রম করে চাকরির নিয়োগবিধিতে হাত দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। একে সেবা খাত ও প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রত্যক্ষ উসকানি বলে উল্লেখ করা হয়। উদাহরণ হিসেবে পাবনা, পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা হামলা চালিয়ে সরকারি চাকরির পরীক্ষা বানচালের তথ্যও উল্লেখ করা হয়।২৪ সেপ্টেম্বর এ বিষয়ে সম্পাদকীয় পাতাতেই ‘সৈয়দ মোদাচ্ছের আলীর প্রতিবাদ ও আমাদের বক্তব্য’ শিরোনামে প্রধানমন্ত্রীর উপদেষ্টার পাঠানো প্রতিবাদ ছাপা হয়। তাতে উপদেষ্টার বক্তব্য ছিল এমন—‘প্রকাশিত সম্পাদকীয় পড়ে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। ওই সভায় আমার মূল বক্তব্য ছিল, যোগ্যতা থাকলে কমিউনিটি ক্লিনিকের নিয়োগে গত সাত বছরে যাঁরা বঞ্চিত হয়েছেন, তাঁদের প্রাধান্য দিতে অনুরোধ করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালনে এতটা অবুঝ হইনি যে কোনো নিয়োগবিধি ঘোষণা করব। অথচ মূল বক্তব্য কী, সেটি যাচাই-বাছাই না করে মনগড়াভাবে আমার বিরুদ্ধে যে বিষোদ্গার করা হয়েছে, সেটি প্রথম আলোর কাছে আশা করিনি।’ উপদেষ্টার ওই প্রতিবাদে তিনি আবার সরিষাবাড়ীর প্রসঙ্গ টেনে আনেন এবং প্রথম আলো তা প্রকাশ করে। সে বক্তব্যেও তিনি বলেছিলেন, ‘কিছুদিন আগে সরিষাবাড়ীর একটি অনুষ্ঠানে আমার অংশগ্রহণ এবং সে সঙ্গে অ্যাম্বুলেন্স ব্যবহার-সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই প্রথম আলো সম্পাদকীয় লিখেছে। এতে মনে হয়েছে, যেকোনো সংবাদ যাচাই-বাছাই ছাড়াই প্রথম আলো আমার বিরুদ্ধে সম্পাদকীয় লেখে।’ ছাপা হওয়া ওই প্রতিবাদপত্রে তিনি আরও লিখেছেন, ‘আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখব, আমার মতো একজন সামান্য ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের যুদ্ধ ঘোষণা বেমানান। দয়া করে এ ধরনের অসম যুদ্ধ থেকে বিরত থাকুন।’প্রকাশিত ওই প্রতিবাদের সঙ্গে প্রথম আলোর বক্তব্য ছাপা হয়েছিল। তাতে বলা হয়েছিল, ‘যে সংবাদের ভিত্তিতে প্রথম আলো সম্পাদকীয়টি লিখেছে, সেটি তথ্যভিত্তিক ছিল। কাউকে হেয়প্রতিপন্ন করতে প্রথম আলো কখনো সম্পাদকীয় লেখে না।’ এ বক্তব্যের সঙ্গে প্রথম আলো প্রতিনিধির ভিডিও টেপে ধারণ করা গোপালগঞ্জে দেওয়া স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্যও প্রকাশ করা হয়, যা ছিল নিম্নরূপ:‘তথ্য সবাইকে দেওয়া হবে না। দিস ইজ নট দ্য গভর্নমেন্ট সিস্টেম, ইট উইল নট গো। দিস ইজ মাই অর্ডার। যদি কেউ করে, আমাকে লিখতে হবে, আমি চুরি করছি। এভাবে যদি কেউ তথ্য দেয়, তাহলে কোনো গভর্নমেন্ট অফিসার কাজ করতে পারবে না। এভাবে হবে না, দেয়ার ইজ এ সিস্টেম, আমি নির্দেশ দিচ্ছি, এভাবে তথ্য দেওয়া হবে না।১৩ হাজার ৫০০ পোস্টের একটাও (আল্লাহর ইচ্ছায় দুই-একটা যাইতে পারে) যাতে আমাদের দলের বাইরে না হয়, পরীক্ষিত কর্মীরা পায়, সেই জন্য আমি মোটামুটি একটা সিস্টেম করছি। আমি তো আমার অফিসারকে বলে দেব, আমার লোককে চাকরি দিতে হবে। ও যে ওই ছুঁচোর মতো ওই তিনজনের মধ্যে সবচেয়ে অযোগ্য লোকটিকে চাকরি দেবে না, আমি এ নিশ্চয়তা দেব কী করে?আমার বাস্তব প্রবলেমটা কী? এই ১৩ হাজার ৫০০। আমি অফিসারকে ডেকে বলেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এখনো যেহেতু চাকরি দিই নাই।...আমাকে একজন বলল (আমি জানতাম না) ...জিপিএ টু পয়েন্ট ফাইভ (শিক্ষাগত যোগ্যতা) দিলে আমার কর্মীরা (চাকরি) পাবে না। ...আমি রিভাইজ করতেছি...জিপিএ টু করব। কারণ আমি চাইছি।...উনি বললেন, এক কাজ করেন...লোকাল পার্টির লোকটোক দেখেন।...আমি পঞ্চগড়ের এমপিকে যদি বলি, তুমি পার্টি থেকে (তালিকা) করছ কি না, নিশ্চয়তা নাই। আমি একটি ফর্মুলা বের করেছি। ফ্রাঙ্কলি বলি...আমি বলেছি, আমার পার্টির বা নেতার বা কারও লেখার বাইরে যদি কারও চাকরি হয় দ্যাটস পার্সোনাল...হয়তো আবার ওই তিনজনের ভেতরে সবচেয়ে খারাপ লোকটার চাকরি হইতে পারে। কিন্তু তিনজনের বাইরে আইসা...। কিছু কিছু জায়গা থেকে কমপ্লেইন আসছে—আমাদের লোক টাকা নিয়ে রিক্রুট করাচ্ছে...এটা আমি ঠেকাব কী করে? প্রবলেম হচ্ছে, আমাদের, ওই যে আগে বললাম...আমরা আল্লাহর ওয়াস্তে যেন অজু-গোসল কইরা...অন্ততপক্ষে যে কয়দিন আছি, চেষ্টা করি।...যদি কিছু নিতে হয়, নিজেদের কর্মীদের কাছ থেকে নিতে...অন্যদের কাছ থেকে নিয়ে জামাত-জুমাতকে চাকরি দিস না...।উপদেষ্টার নতুন অভিযোগ: উপদেষ্টা গতকাল রিপোর্টার্স ইউনিটিতে দেওয়া তাঁর বক্তব্যে বলেছেন, ‘আমি সরকারি কর্মকর্তাদের বললাম এক কথা। তারা লিখে দিলেন তাদের বদলি করা হবে। তারা শিরোনামে বদলি করার কথা লিখলেও সংবাদে সরকারি কর্মকর্তাদের বদলি করার কথা লেখা ছিল না। এটা কি সৎ সাংবাদিকতা হলো?’বস্তুত ৩ অক্টোবর প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় ছাপা হওয়া ওই খবরের শিরোনাম ছিল ‘সরকারকে তীব্র কটাক্ষ করলে বদলির মতো সাধারণ ঘটনা ঘটবে।’ প্রতিবেদনে বলা হয়—‘সবার আওয়ামী লীগ করার দরকার নেই। সরকারি কর্মকাণ্ডের প্রকৃত সমালোচনাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বাগত জানাবে। তবে কেউ তীব্র কটাক্ষ করলে বদলি করে দেওয়ার মতো ‘সাধারণ’ কিছু ঘটনা ঘটতে পারে।’ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী গতকাল শনিবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কর্নিয়া সংগ্রহকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি সরকারি কাজের সমালোচনার পাশাপাশি কিছু প্রশংসা করারও আহ্বান জানান।শিরোনাম ও প্রতিবেদনে ‘সরকারি কর্মকর্তা’ শব্দেরই অস্তিত্ব নেই। গতকাল উপদেষ্টা বলেছেন, তিনি প্রথম আলোর যুগ্ম সম্পাদকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তার পরও প্রথম আলোতে কোনো প্রতিবাদ ছাপা হয়নি। বাস্তবতা হচ্ছে—যুগ্ম সম্পাদক তাঁকে বলেছিলেন, উপদেষ্টা এ খবরের বিষয়ে কোনো বক্তব্য দিলে তা অবশ্যই প্রকাশ করা হবে। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার এ-বিষয়ক কোনো প্রতিবাদ প্রথম আলো পায়নি। পেলে অবশ্যই তা ছাপা হতো, যেমনটি অন্য দুটি খবরের বেলায় হয়েছে।বিষয় নড়াইল: এক অনুষ্ঠানে গতকাল উপদেষ্টা বলেছেন, ‘আমার স্ত্রী নড়াইল প্রেসক্লাবে ৫০ হাজার টাকা দিয়েছেন। প্রথম আলোর সাংবাদিক এসে বলে, আমরা জেলা প্রেসক্লাব করেছি। আমাদের না দিয়ে তাদের টাকা দিলেন কেন? উপদেষ্টার প্রকাশ্য অভিযোগের পরই বিষয়টি প্রথম আলোর নজরে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মে মোদাচ্ছের আলী নড়াইল ডায়াবেটিক হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্ত্রী ছিলেন তাঁর সফরসঙ্গী। অনুষ্ঠানের একপর্যায়ে নড়াইল প্রেসক্লাবের সভাপতি আইনজীবী আলমগীর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক এনামুল কবিরসহ প্রেসক্লাবের কয়েকজন কর্মকর্তা (মঞ্চে থাকার সময়) স্বাস্থ্য উপদেষ্টাকে প্রেসক্লাব পরিদর্শনের অনুরোধ জানান। তিনি সার্কিট হাউসে যাওয়ার পথে সস্ত্রীক প্রেসক্লাব পরিদর্শনে যান। উপদেষ্টার স্ত্রী প্রেসক্লাবের জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির প্রথম আলোকে জানান, মাসখানেক আগে ঢাকায় গিয়ে তিনি ঘোষিত অনুদানের চেক নিয়েছেন, যা প্রেসক্লাবের ব্যাংক হিসেবে জমাও হয়েছে।নড়াইলে দুটি প্রেসক্লাব আছে। একটির নাম জেলা প্রেসক্লাব, অন্যটি নড়াইল প্রেসক্লাব। নড়াইল প্রেসক্লাবের সদস্য ৩৫ জন। এর সম্পাদক এনামুল কবির গত রাতে প্রথম আলোকে জানান, উপদেষ্টা নড়াইল প্রেসক্লাবে গিয়েছিলেন, অনুদান দিয়েছিলেন। প্রথম আলোর নড়াইল জেলা প্রতিনিধি কার্ত্তিক দাস নড়াইল প্রেসক্লাবের একজন সাধারণ সদস্য। ফলে জেলা প্রেসক্লাবের জন্য কার্ত্তিক দাসের অনুদান চাওয়ার কোনো কারণ নেই। কার্ত্তিক দাস বলেন, উপদেষ্টা সস্ত্রীক নড়াইল প্রেসক্লাব পরিদর্শনের সময় তিনি উপস্থিত ছিলেন। সভাপতি, সাধারণ সম্পাদক উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। অন্য সদস্যরা সেখানে ছিলেন। কার্ত্তিক দাস বলেন, তিনি নড়াইল প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য নন, সাধারণ সদস্য। তাঁর সঙ্গে ওই দিন উপদেষ্টা বা তাঁর স্ত্রীর কোনো কথা বলার সুযোগও হয়নি। আর নড়াইল প্রেসক্লাবে থেকে তিনি জেলা প্রেসক্লাবের জন্য অনুদান চাইবেনই বা কেন? আর জেলা প্রেসক্লাবের সভাপতি অশোক কুন্ডু (আঞ্চলিক দৈনিক লোকসমাজ) ও সাধারণ সম্পাদক ডানিয়েল সুজিত বোস (চ্যানেল আই) প্রথম আলোকে জানান, ২০০৮ সালে জেলা প্রেসক্লাব স্থাপিত হয়েছে। এই ক্লাবের সদস্যসংখ্যা ১২। স্বাস্থ্য উপদেষ্টা নড়াইল সফরের সময় জেলা প্রেসক্লাবে যাননি।