বাজেট আলোচনায় জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বলেন, সংসদীয় গণতন্ত্রে অনির্বাচিত উপদেষ্টা দিয়ে সরকার পরিচালনার নজির নেই। কিন্তু এ দেশে হচ্ছে। তাঁরা শপথ নেন না। তাঁদের কোনো জবাবদিহি নেই। সরকারের অবস্থা খারাপ হলে এঁরা পালিয়ে যাবেন। এঁদের কারও কারও বিদেশি পাসপোর্টও আছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করে আজিম বলেন, অর্থমন্ত্রী শেয়ারবাজারকে দুষ্টু আর ফাটকা বাজার বলেছেন। প্রশ্ন হলো মুক্তবাজার অর্থনীতিতে আমাদের শেয়ারবাজারের গুরুত্ব কে বোঝাবে? তিনি ইংরেজি সাহিত্যে পড়েছেন। তাই নাটক বিশারদ হতে পারেন। কিন্তু অর্থনীতি বিশারদ নন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পদত্যাগ দাবি করেন আজিম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পারবেন না। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করুন, নয়তো তাঁকে অপসারণ করা হোক।আজিম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে গণতন্ত্র জিম্মি। সরকার আর বিরোধী দলের কাছে গণতন্ত্রের সংজ্ঞা ভিন্ন ভিন্ন। এর কোনোটিই গণতন্ত্র নয়। আসলে দলগুলো গণতন্ত্রের ব্যাপারে উদাসীন। সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে হিংসার রাজনীতি পরিহার করতে হবে। পাশের দেশ থেকে নোবেল বিজয়ীকে ডেকে এনে সম্মান দেওয়া হয়। অথচ এ দেশের নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান দেওয়া হয় না।