উপনির্বাচন বাতিলের দাবি বিএনপির
ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের উপনির্বাচনকে একতরফা, পাতানো ও প্রহসন আখ্যা দিয়ে তা বাতিল করে দ্রুত পুনর্নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। বিএনপির নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য দুই কমিশনারের পদত্যাগও দাবি করেন। গতকাল শনিবার উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। উপনির্বাচনে দলীয় প্রার্থী হাফিজউদ্দিন আহমেদও ভোলায় সংবাদ সম্মেলনে একই দাবি জানান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টা ও বেলা তিনটায় আরও দুটি সংবাদ সম্মেলন করা হয়। সর্বশেষ সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, এটি ছিল নজিরবিহীন কারচুপি। প্রতিপক্ষের ওপর সন্ত্রাসী হামলার নির্বাচন। আওয়ামী লীগ আবারও নতুন করে জাতির সামনে নিজেদের ন্যক্কারজনকভাবে তুলে ধরেছে। ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ৩৭ জন এজেন্টকে ভোটকেন্দ্রেই ঢুকতে দেয়নি। আর যাঁরা হুমকির মুখে কেন্দ্রে ঢুকেছিলেন তাঁদেরও বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিএনপি একতরফা, পাতানো, প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করছে। আমরা অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। একই সঙ্গে পক্ষপাতদুষ্ট ও সরকারের তল্পিবাহক প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনারের পদত্যাগ দাবি করছি।’ফলাফল পাওয়ার আগেই নির্বাচন বাতিলের দাবি জানানো সম্পর্কিত প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অর্থ কী? যেখানে একটি পক্ষের এজেন্টই নেই, সেখানে ফলাফল কী হবে, তা তো বুঝতেই পারছি।’ বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করবে কি না—জানতে চাইলে তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলে এ বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন।সংবাদ সম্মেলনের পর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির নেতা-কর্মীরা নির্বাচনে কারচুপির প্রতিবাদে মিছিল বের করেন। পূর্ববর্তী দুই সংবাদ সম্মেলন: দুপুর ১২টায় প্রথম সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ৩৯টি ভোটকেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তাকে বের করে দিয়ে ইচ্ছেমতো সিল মারছে। এই কেন্দ্রগুলোতে বিএনপির কোনো পোলিং এজেন্ট নেই।স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার জানান, সকালে তাঁর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে অবস্থান করে তাঁদের অভিযোগগুলো তাত্ক্ষণিক কমিশনকে জানাতে চেয়েছিল। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা তাঁদের বলেছেন, নির্বাচন কমিশনে অন্য দলের কোনো প্রতিনিধি নেই। ফলে তাঁদেরও (বিএনপি) সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। অবশ্য বেলা তিনটার সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার জানান, ৩৯টি কেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তাকে বের করে দেওয়ার অভিযোগ সঠিক ছিল না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে আমরা তথ্য পাচ্ছিলাম। সংখ্যাটা হেরফের হতে পারে। এ জন্য সংখ্যাটা সুনির্দিষ্ট করে বলছি না। তবে অনেক কেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তাকে বের করে দেওয়া হয়েছে।’এম কে আনোয়ার দাবি করেন, লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মোট ৫৭টি ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়ে ইচ্ছেমতো সিল মেরেছে আওয়ামী লীগের কর্মীরা।প্রার্থী হাফিজের সংবাদ সম্মেলন: উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ বেলা সাড়ে তিনটায় ভোলার লালমোহন উপজেলার লাঙ্গলখালীতে তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা প্রহসনের নির্বাচন। আওয়ামী লীগের কর্মীরা প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার সামনে ব্যালট পেপারে সিল মেরেছে। নির্বাচন শুরুর আধা ঘণ্টা পর থেকে আমাদের পোলিং এজেন্ট বের করে দিয়েছে। পথে পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুপিয়ে-পিটিয়ে, হুমকি দিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেয়নি। আহত হয়েছে ৪০০ ভোটার। আমার বাসায় ১০০ শয্যার হাসপাতাল তৈরি হয়েছে।’ হাফিজউদ্দিন বলেন, ‘দলীয় সরকারের অধীনে কখনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, এটা প্রমাণিত হলো। এ জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার।’ তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ ও নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান। স্মারকলিপি: বিকেল পৌনে চারটায় সাংসদ নজরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল ভোলা জেলা সদরে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উপনির্বাচন বাতিল এবং সিইসি ও অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা হয়। নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধিদল: এম কে আনোয়ারের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সকালে সিইসির কক্ষে নির্বাচন কমিশনারদের সঙ্গে প্রায় আধা ঘণ্টা বৈঠক করে। পরে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ‘মাঠপর্যায় থেকে পাওয়া অভিযোগগুলো যাতে কমিশনকে তাত্ক্ষণিক অবহিত করতে পারি সে জন্য আমরা এখানে অবস্থান করতে চাইলেও কমিশন আপত্তি জানিয়েছে। কমিশন বলেছে, সরকারি দলের কেউ এখানে না থাকায় আমরা উপস্থিত থাকলে সেটা বেআইনি হবে।’ দুপুরে কমিশন চিঠি দিয়ে আওয়ামী লীগ ও বিএনপিকে জানায়, ভোট গ্রহণ শেষে উভয় দলের পাঁচজন করে সদস্য কমিশনে উপস্থিত থাকতে পারবেন।