উপনির্বাচন সুষ্ঠু হয়েছে: আ.লীগ
ভোলা-৩ আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ দাবি করেন। এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী তোফায়েল আহমেদও একই দাবি করেছেন।বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদের নির্বাচন বাতিল করার দাবি প্রত্যাখ্যান করে মাহবুবুল আলম বলেন, নির্বাচন বাতিলের প্রশ্নই ওঠে না। উপনির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রায় ৬০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি এ উপনির্বাচন নিয়ে অহেতুক রাজনৈতিক ইস্যু বানিয়ে জনগণের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটালে আওয়ামী লীগ বসে থাকবে না। রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে নির্বাচনে হারলে বা হারার আশঙ্কা থাকলে কারচুপির অভিযোগ করা হয়। ফলাফল মেনে নেওয়ার রাজনৈতিক সংস্কৃতি এখনো দেশে গড়ে ওঠেনি। তিনি বলেন, কেন নির্বাচন বাতিল করতে হবে এবং কী কারণে নির্বাচন কমিশনারের পদত্যাগ করতে হবে, হাফিজ উদ্দিনকে তা বলতে হবে।হানিফ বলেন, হাফিজ বিজয়ী হোন, তা বিএনপি চায় না। হাফিজকে হারিয়ে তারা রাজনৈতিক ইস্যু বানাতে চায়। বিএনপি আজিজ মার্কা নির্বাচন চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। তিনি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিএনপিকে তা মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগ গণরায় মেনে নেবে বলে তিনি জানান।মাহবুবুল আলম বলেন, বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে চেয়েছিল। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহনশীলতা ও প্রশাসনের দৃঢ়তায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। তিনি বলেন, ‘আমরা জেনেছি, নির্বাচন কমিশন কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করেছে। কিন্তু এসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করার কোনো কারণ ঘটেনি। এটা কেন করা হলো, তার কারণ জানার চেষ্টা করছি।’সংবাদ সম্মেলনে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, শেখ হারুন অর রশীদ, মৃনাল কান্তি দাস, আমিনুল ইসলাম, বলরাম পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।ভোলায় তোফায়েলের সংবাদ সম্মেলন: ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি জানান, ভোট গ্রহণ শেষে বিকেল পাঁচটায় ভোলার লালমোহন উপজেলার শাহবাজপুর কলেজ মাঠে আওয়ামী লীগের পক্ষে সংবাদ সম্মেলন করেন তোফায়েল আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নির্বাচন সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। যে নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে, সেখানকার প্রিসাইডিং কর্মকর্তা তাঁদের বলেছেন, তাঁরা কেন্দ্রে গোলযোগের কারণে নয়, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আদেশে ভোট গ্রহণ স্থগিত করেছেন। বাকি ৭৭টি কেন্দ্রে কোনো গোলোযোগ না হওয়াই প্রমাণ করে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিএনপির পোলিং এজেন্ট কেন্দ্রে না থাকার ব্যাপারে তোফায়েল বলেন, বহিরাগতদের পোলিং এজেন্ট বানিয়েছে। তারা পালিয়েছে। পথে পথে বিএনপির কর্মীদের মারধর করা হয়েছে বলে বিএনপির প্রার্থী হাফিজের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘শুক্রবার রাতে আমাদের কার্যালয় ভাঙচুর করে বাজার লুট করেছে। আমরা কিছু বলিনি। হাফিজের কর্মী-সমর্থকদের কে বা কারা মেরেছে, তা আমি জানি না।’