উপনির্বাচনে অংশ নিতে পারছেন না জালালউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জালালউদ্দিন আহমেদকে নির্বাচনে অংশ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানান, এতে ১৭ জানুয়ারির নির্বাচনে জালালউদ্দিন অংশ নিতে পারছেন না। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর মাধ্যমে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের নিষ্পত্তি হয়।জালালউদ্দিনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁকে নির্বাচনে অংশ নিতে ও প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। এ আদেশে স্থগিতাদেশ চেয়ে ইসির পক্ষ থেকে আবেদন করা হয়। গতকাল বুধবার আবেদনটি চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।আজ আদালতে ইসির পক্ষে শুনানি করেন এম কে রহমান। জালালউদ্দিনের পক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক ও জাফরুল্যা চৌধুরী।এম কে রহমান আদালত থেকে বেরিয়ে প্রথম আলো ডটকমকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে নির্বাচন কমিশনের আবেদন নিষ্পত্তি করেছেন। এতে জালালউদ্দিন ১৭ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে পারছেন না। জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০ ডিসেম্বর চট্টগ্রামের নির্বাচন কমিশনে জালালউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন। তবে এক শতাংশ ভোটার থাকার শর্তের সমর্থনে কাগজপত্র যথাযথ না হওয়ায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ২৩ ডিসেম্বর তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। ২৭ ডিসেম্বর আপিল ট্রাইব্যুনাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার আদেশ বহাল রাখেন। এর বিরুদ্ধে তিনি ২ জানুয়ারি রিট করেন।