গাজীপুর-৪ আসনের (কাপাসিয়া) আসন্ন উপনির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করুন, আপনাদের প্রতি জনগণের ম্যান্ডেট আছে কি না।’ আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন মিলনায়তনে শোক দিবসের আলোচনায় হানিফ এ আহ্বান জানান। গাজীপুর-৪ আসনের সরকারদলীয় সাংসদ তানজিম আহমেদ (সোহেল তাজ) সম্প্রতি পদত্যাগ করায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। এরই মধ্যে বিএনপি উপনির্বাচনে প্রার্থী দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে বলে দাবি করেন মাহবুব উল আলম হানিফ। তিনি প্রশ্ন রাখেন, ‘৮৬ লাখ মানুষের জন্য নয়, একজন বেতনভুক্ত কর্মচারীর জন্য কিছু তাঁবেদার পণ্ডিত এবং পশ্চিমা বিশ্বের কিছু মানুষের কেন এই মায়াকান্না?’মোহাম্মাদ শারফুদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, এনামুল হক শামীম, ইকবাল আর্সনাল প্রমুখ।