উপনির্বাচনে একমাত্র প্রার্থী থাকলেন নাহিম রাজ্জাক
ত্রুটি থাকায় শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহিতুল গনির মনোনয়নপত্র আজ রোববার বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এই আসনে ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে নাহিম রাজ্জাক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মনোনয়নপত্র দাখিল করেন। তবে মহিতুল গনি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ সকাল সাড়ে ১০টার দিকে দুই প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। ত্রুটি থাকায় পরে মহিতুল গনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের তাঁর প্রতি সমর্থন থাকতে হবে। ওই ভোটারদের স্বাক্ষরযুক্ত কাগজ মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। মহিতুল গনি মনোনয়নপত্রের সঙ্গে এক হাজার ৯৬৮ জন ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দেন।কিন্তু নির্বাচন কমিশন ওই স্বাক্ষরিত কাগজের সত্যতা যাচাই করতে ১০ জন ভোটারের সাক্ষাত্কার গ্রহণ করেছে। এর মধ্যে তিনজন ভোটার জানিয়েছে যে তাঁরা ওই কাগজে স্বাক্ষর করেনি এবং মহিতুল গনিকে তাঁরা সমর্থন দেননি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খান বলেন, ‘মহিতুল গনি নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানতে পেরেছি। তাঁকে ২২ ফেব্রুয়ারির মধ্যে আপিল করতে হবে। ২৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। নির্বাচন কমিশন যে রায় দেবে, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে।’ মহিতুল গনি বলেন, ‘আমি মনোনয়নপত্র জমাদানের আগে ভোটারদের সঙ্গে কথা বলেছি এবং তাঁদের সমর্থন নিয়ে কাগজে স্বাক্ষর নিয়েছি। এর মধ্যে কোন ভোটাররা তাঁদের সমর্থনের কথা অস্বীকার করেছেন, আমি জানি না। আমি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করব।’