তৃণমূলের সমর্থনের ভিত্তিতে আসন্ন দুটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীদের তৃণমূলের সমর্থন নিতে পরামর্শ দেওয়া হয়েছে। গত সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো তৃণমূলের ভোট নেওয়া হচ্ছে। এ ছাড়াও মহাজোটগতভাবেই পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। আজ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী (আরপিও) দলীয় মনোনয়ন পেতে আগ্রহী ব্যক্তিদের তৃণমূলের সমর্থন পাওয়া বাধ্যতামূলক। আইন অনুযায়ী তৃণমূল সর্বোচ্চ পাঁচজন প্রার্থীর সুপারিশ সংসদীয় বোর্ডের কাছে পাঠাবে। সংসদীয় বোর্ড এদের একজনের মনোনয়ন চূড়ান্ত করবে। বৈঠক সূত্র জানায়, আগ্রহী প্রার্থীদের কাছে কাল রোববার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মনোনয়ন ফরম জমা দিতে হবে ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর সংসদীয় বোর্ড বৈঠক করে মনোনয়ন চূড়ান্ত করবে। এর মধ্যে প্রার্থীদের তৃণমূলের সমর্থন নিতে হবে। গত ১৯ নভেম্বর হবিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রবীণ সাংসদ দেওয়ান ফরিদ গাজী এবং ১৬ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ লুত্ফুল হাই সাচ্চুর মৃত্যুতে আসন দুটি শূন্য হয়। আগামী ২৭ জানুয়ারি এ দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।গণভবনের বৈঠকে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের এবং বোর্ড সদস্য ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও দপ্তর সম্পাদক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বৈঠকে যোগ দেন। বোর্ডের সদস্যসচিব দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিদেশে, অপর সদস্য আবদুর রাজ্জাক অসুস্থ এবং তোফায়েল আহমেদ মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে নিজ এলাকা ভোলায় থাকায় তাঁরা বৈঠকে উপস্থিত হতে পারেননি। পৌরসভা নির্বাচনে মহাজোট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদীয় বোর্ডের বৈঠকে পৌরসভা নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয় নিয়েও আলোচনা করেন। মহাজোটের শরিক জাতীয় পার্টি ও ১৪ দলের কয়েকটি দলকে বেশ কয়েকটি পৌরসভায় সমর্থন দেওয়া হচ্ছে। আজকের বৈঠকে পৌরসভা নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, সংসদীয় বোর্ডের বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়েও আলোচনা হয়। আলোচনায় আসন্ন পৌরসভা নির্বাচন, বিরোধী দলের অগণতান্ত্রিক কার্যক্রম, মহাজোটকে সক্রিয় করাসহ বিভিন্ন বিষয় স্থান পায়।