উপনির্বাচনে নৌকা প্রত্যাখ্যান করেছে জনগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, টাঙ্গাইলের উপনির্বাচনের মাধ্যমে জনগণ নৌকা, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আজ মঙ্গলবার শিশুদের জন্য আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল এ প্রতিযোগিতার আয়োজন করে।খন্দকার মোশাররফ বলেন, এ সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে দেশ পরিচালনা করছে। তাই জনগণ এখন তাদের সঙ্গে নেই। গতকাল সোমবার বরিশালে আয়োজিত বিএনপির সমাবেশ পরিণত হয়েছে মহাসমাবেশে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ওই মহাসমাবেশই ইঙ্গিত দেয় যে সারা দেশ জাতীয়তাবাদী শক্তির পেছনে রয়েছে। খন্দকার মোশাররফ দাবি করেন, তারেক রহমান তৃণমূল থেকে বিএনপিকে সংগঠিত করার কাজ শুরু করেছিলেন। কিন্তু যারা জাতীয়তাবাদী শক্তির উত্থান চায় না, তারা নির্যাতন করে তাঁর শিরদাঁড়া ভেঙে দিয়েছে। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন।