উপনির্বাচনে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হবে: ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে পরীক্ষামূলকভাবে সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)।আজ বৃহস্পতিবার কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে ছহুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান। এ ছাড়া আগামী সপ্তাহে এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।ছহুল হোসাইন বলেন, ‘উপনির্বাচনে ইভিএম ব্যবহারের ব্যাপারে আগামী রোববার কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পৌর নির্বাচনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা নেই।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ইভিএম ব্যবহারের ফলে নির্বাচনে আরও স্বচ্ছতা আসবে এবং সেই সঙ্গে আসবে ভোট গণনার ক্ষেত্রে দ্রুততা। এটি ব্যবহারের পদ্ধতিও অত্যন্ত সহজ। যেকোনো পর্যায়ের নির্বাচনে এটি ব্যবহারে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়।আগামী ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই ৪ জানুয়ারি ও প্রত্যাহার ১১ জানুয়ারি।গত জুনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ই-ভোটিং ব্যবহার করা হয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রাম মহানগরের জামালখান এলাকার ২১ নম্বর ওয়ার্ডে। এর আগে গত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, জাতীয় নির্বাচনে ইভিএম চালুর প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিকে, আগামী ডিসিসি নির্বাচনে তিনটি ওয়ার্ডে ইভিএম ব্যবহারের জন্য এরই মধ্যে প্রায় ৪০০ ইভিএম সংগ্রহে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।—বাসস।