উপনির্বাচনে প্রতিনিধি পাঠানোর অনুমতি চেয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচনে বিএনপির ২০ জন সদস্যের একটি প্রতিনিধিদলকে যাওয়ার অনুমতি দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দুই নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপি এ দাবি জানিয়েছে।আজ বিকেলে কমিশন কার্যালয়ে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেন। বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ।বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ভোলায় উপনির্বাচনের সময়ে ওই এলাকা পরিদর্শনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল পাঠানোর অনুমতি চাওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপির ওপর সরকারদলীয় ক্যাডারদের হামলা অব্যাহত আছে। এ ব্যাপারেও কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভোলা থেকে ফিরে আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।নয়া পল্টনে সংবাদ ব্রিফিং: ভোলা-৩ আসনের সার্বিক অবস্থা তুলে ধরে আজও নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেছে বিএনপি। ব্রিফিংয়ে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকারদলীয় ক্যাডারদের হামলায় বিএনপির আড়াই শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। বিএনপির ভোটাররা ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন।তিনি অভিযোগ করেন, এ ব্যাপারে বারবার কমিশনের কাছে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।