সরকারের বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ শুক্রবার দুপুরে কমলাপুর বিআরটিসি বাসট্যান্ডে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। জাতীয় শোক দিবস উপলক্ষে বিআরটিসি শ্রমিক-কর্মচারী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ বলেন, দেশ ও জাতি আপনার কাছে দায়িত্বশীল বক্তব্য আশা করে। বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সমালোচনা করবেন ভালো কথা। তাহলে সংসদে আসুন। যত খুশি সরকারের গঠনমূলক সমালোচনা করুন।হানিফ বলেন, সংসদে আসবেন না। অযথা সংসদের বাইরে রাজপথে দাঁড়িয়ে সরকারের সমালোচনার নামে মিথ্যাচার করবেন, এটা হতে পারে না। ‘সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়’ বিএনপির নেতাদের এমন অভিযোগের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, তাহলে কাপাসিয়া উপনির্বাচনে আসুন। প্রমাণ করুন জনগণ আমাদের সঙ্গে নেই, আপনাদের সঙ্গে আছে।’মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি আসলে বুঝতে পেরেছে, দেশের জনগণ তাদের সঙ্গে নেই। এ কারণেই তারা উপনির্বাচনে অংশ গ্রহণ করছে না।বাংলাদেশের মানুষ আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না উল্লে¬খ করে হানিফ বলেন, মানুষ বুঝতে পেরেছে বিএনপি ক্ষমতায় এলে এ দেশে আবারও জঙ্গিবাদের উত্থান হবে, বিভিন্ন স্থানে বোমা হামলা হবে। তাই দেশের মানুষ আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। ‘বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না’ বিএনপির নেতাদের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, খালেদা জিয়া আসলে ভালো কিছুই দেখতে পান না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যে একটি স্থানেও বোমা হামলা হয়নি, বাংলা ভাইয়ের সৃষ্টি হয়নি, জঙ্গিবাদীদের উত্থান ঘটেনি—এটা কি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না?সংগঠনের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।