বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেছেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সরকারদলীয় ব্যক্তিদের সঙ্গে মিলে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। তাঁদের কারণে বিএনপির প্রার্থী ও সমর্থকেরা ঠিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারছেন না। নানা ক্ষেত্রে তাঁদের বাধা দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে ওই দুই নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের দাবি জানান। একই সঙ্গে তিনি ওইসব এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলিও দাবি করেন। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার এসব অভিযোগ করেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর স্ত্রী একজন সরকারি কর্মকর্তা। তিনি নির্বাচনী প্রচারকাজে অংশ নিয়েছেন। একজন সরকারি কর্মকর্তা কীভাবে নির্বাচনের প্রচার চালাতে পারেন?