উপনির্বাচনে বিএনপির পাশে নেই জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করছে না চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন, কেন্দ্র থেকে তাঁদের বলা হয়েছে, এ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না। ফলে মরিয়া হয়ে নামার দরকার নেই।চারদলীয় জোটের আরেক শরিক বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতা-কর্মীদের অবশ্য বিএনপির সঙ্গে কাজ করতে দেখা গেছে।নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোলা সদরে জামায়াত ও চারদলীয় জোটের নেতাদের সঙ্গে দুই দফা বৈঠক করে শরিকদের মাঠে নামার অনুরোধ করেছিলেন বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ। জামায়াতসহ সব শরিক দল তখন নির্বাচনী ময়দানে জোরালোভাবে নামার প্রতিশ্রুতিও দিয়েছিল। লালমোহন উপজেলার ধলীগৌড়নগর ইউনিয়ন জামায়াতের আমির জিয়াউল হক প্রথম আলোকে বলেছেন, ‘এটা জাতীয় নির্বাচন হলে অন্য কথা ছিল। যেহেতু এটা একটি আসনের নির্বাচন এবং এই নির্বাচনের ফলাফলে রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো পরিবর্তন আসবে না, সে কারণে আমরা জোরালোভাবে নামছি না।’ জামায়াতের আরেক স্থানীয় নেতা বলেছেন, বর্তমান সরকার জামায়াত-শিবিরকেই শত্রু হিসেবে দেখে, বিএনপিকে নয়। সরকার যেন তাদের নেতা-কর্মীদের কোনো অজুহাতে হয়রানি করতে না পারে, সে জন্যই তাঁরা এই নির্বাচনে কোনো তৎপরতা চালাচ্ছেন না।অবশ্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ কামারুজ্জামান দাবি করেছেন, তাঁরা এ ধরনের কোনো নির্দেশনা দেননি। জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে। নির্বাচনী প্রচারে জামায়াতের কোনো কর্মসূচি না থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কামারুজ্জামান বলেন, ‘বিএনপির সঙ্গেই কাজ করছে, আলাদাভাবে করার তো দরকার নাই।’তবে গত ১০ দিনে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় অবস্থান করে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিনের পক্ষে জামায়াতের কোনো গণসংযোগ চোখে পড়েনি। দলটি আলাদাভাবে কোনো প্রচার চালায়নি, বিএনপির প্রচারণায়ও তাদের অংশ নিতে দেখা যায়নি। তবে বিএনপির নেতা-কর্মীরা আশা করছেন, জামায়াতের ভোট তাঁরাই পাবেন। লালমোহন উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জামায়াত যদি নির্বাচনী প্রচারে নাও থাকে, তাদের একটা ভোটও বাদ যাবে না। সব ভোটই ধানের শীষের প্রতীকে আসবে।’তবে জামায়াতের একজন স্থানীয় নেতা এই প্রতিবেদককে জানিয়েছেন, গত সপ্তাহে লালমোহন উপজেলা জামায়াতের এক রুকন সমাবেশে তাঁদের নির্বাচন নিয়ে খুব বেশি উৎসাহ না দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এর আগে হাফিজউদ্দিন (বিএনপির প্রার্থী) নির্বাচিত হয়ে জামায়াতকে মূল্যায়ন করেননি। তিনি (হাফিজ) মনে করেন, তিনি শুধু নিজের ক্ষমতায় নির্বাচিত হন।’ওই সমাবেশে উপস্থিত এক নেতা বলেন, ‘আমরা কী মাঠে থাকব। তারাই (বিএনপি) তো নাই।’ লালমোহন উপজেলা জামায়াতের আমির আখতার উল্লাহ্ বলেন, ‘সাংবাদিকের সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎকার না দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে পারছি না’।বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার না চালানোর বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা জামায়াতের আমির আবদুর রব বলেন, ‘আমরা আমাদের লাইনে আছি। নিজেদের মতো করে কাজ করি।’তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘জামায়াত আমাদের আগে থেকেই বলে দিয়েছে, প্রকাশ্য কর্মসূচিতে তারা থাকতে পারবে না।’ লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক এনায়েত করিম পাটোয়ারী বলেন, ‘জামায়াতের প্রক্রিয়া ভিন্ন। নিশ্চয় তারা তাদের মতো করে কাজ করছে।’